স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৬, ১০:৫১ এএম
ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি কাফু এখনো বিশ্বাস করেন, পুরোপুরি ফিট নেইমার মাঠে নামলে ম্যাচের চেহারাই পাল্টে যেতে পারে। চোট, বয়স আর ফর্মের অনিশ্চয়তার মাঝেও ৩৪ বছর বয়সী তারকাকে নিয়ে আশাবাদী তিনি।
দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, টেকনিক্যাল দিক থেকে নেইমারকে তিনি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও এগিয়ে রাখেন। ‘আমার কাছে টেকনিক্যালি নেইমার রোনালদো ও মেসির চেয়েও ভালো ছিল। তার ক্যারিয়ার ছিল দুর্দান্ত,’ বলেন কাফু।
একসময় মেসি-রোনালদো যুগের পরবর্তী বড় তারকা হিসেবে দেখা হতো নেইমারকে। কিন্তু বারবার চোটের কারণে তার উজ্জ্বল ক্যারিয়ার থমকে গেছে। ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে তিনি সান্তোসে ফিরে নিজের সেরা ছন্দ খুঁজে ফিরছেন। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে হলে তাকে ফিটনেস ও ফর্ম দুটোই প্রমাণ করতে হবে।
তবে কাফুর মতে, যদি নেইমার শারীরিক ও ট্যাকটিক্যালভাবে ফিট থাকেন, তাহলে তাকে দলে না নিয়ে উপায় নেই। ‘নেইমারের মতো খেলোয়াড় থাকলে অবশ্যই তাকে নিতে হবে। সে ম্যাচের সিদ্ধান্ত বদলে দেওয়ার সামর্থ্য রাখে,’ যোগ করেন তিনি।
শেষ সিদ্ধান্ত অবশ্য কোচ কার্লো আনচেলত্তি ও নেইমারের নিজের ওপরই ছেড়ে দিয়েছেন কাফু। ‘আনচেলত্তিই ভালো করে জানেন কী করবেন। আর নেইমারই সবচেয়ে ভালো জানে সে প্রস্তুত কি না।’
ব্রাজিল এবার ইতিহাসের নতুন পথে হাঁটছে। আনচেলত্তি হয়েছেন দেশটির প্রথম বিদেশি পূর্ণকালীন কোচ। এ নিয়ে কিছু বিতর্ক থাকলেও কাফু দেখছেন ইতিবাচক দিক। তিনি বলেন, ‘আমি এতে স্বচ্ছন্দ। আনচেলত্তি সবচেয়ে ব্রাজিলিয়ান ইতালিয়ান কোচ। কারণ তিনি অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন।’
কাফুর মতে, ব্রাজিলের ফুটবল আধুনিক হয়েছে। বেশিরভাগ সেরা খেলোয়াড় এখন ইউরোপে খেলেন। আনচেলত্তির মতো ইউরোপিয়ান কোচ এলে তাই স্বাভাবিক। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘এর মানে এই নয় যে ব্রাজিলিয়ান ফুটবল ইউরোপিয়ান হয়ে গেছে। ব্রাজিলিয়ান সত্তা সবসময়ই থাকবে।’
আনচেলত্তি আগেই বলেছিলেন, তিনি চান ‘ইতালিয়ান ডিফেন্স ও ব্রাজিলিয়ান অ্যাটাক’। কাফু মনে করেন, এই মিশ্রণ সফল হতে পারে।
এসটি