images

স্পোর্টস / ফুটবল

রিয়ালের দুর্দিনে বান্ধবী নিয়ে ইতালি ট্যুরে এমবাপে, জবাব দিলেন কোচ

স্পোর্টস ডেস্ক

০৪ মে ২০২৬, ০৮:০৮ পিএম

ইনজুরি থেকে সেরে ওঠার সময় ইতালির সার্ডিনিয়ায় ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে বিষয়টি নিয়ে তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন দলের কোচ আলভারো আরবেলোয়া।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে চোট পান এমবাপে। ম্যাচের মাঝপথে মাঠ ছাড়ার পর মেডিকেল পরীক্ষায় তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ফলে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, শিরোপা দৌড়ে টিকে থাকতে বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকো ম্যাচে এমবাপের ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ রিয়ালের জন্য।

চোটের মাঝেই অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে নিয়ে সার্ডিনিয়ায় ছুটি কাটাতে দেখা যায় এমবাপেকে। এতে দলে তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে কোচ আরবেলোয়া এই সমালোচনাকে গুরুত্ব দেননি। তিনি বলেন, 'ইনজুরিতে থাকা খেলোয়াড়দের সব পরিকল্পনা ক্লাবের মেডিকেল টিমই নির্ধারণ করে। কখন তাদের ট্রেনিং সেন্টারে থাকতে হবে আর কখন বিশ্রামে থাকতে হবে, সবই চিকিৎসকদের সিদ্ধান্ত। তাই অবসর সময়ে এমবাপে কী করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।'

তিনি আরও জানান, এমবাপে ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাজাল দুজনেরই দ্রুত ফেরার আশা করছেন তিনি। যদিও তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আসন্ন এল ক্লাসিকো নিয়ে আরবেলোয়া বলেন, এটি হবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি বড় লড়াই।

এদিকে এমবাপে না থাকায় দলের আক্রমণভাগে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ আরসিডি এস্পানিওলের বিপক্ষে ম্যাচে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ, যা শিরোপা দৌড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। 

দলের জয়ের পর আরবেলোয়া বলেন, 'সে আবারও অসাধারণ ছিল। পুরো ম্যাচজুড়ে সে ছিল স্থায়ী হুমকি এবং সত্যিকারের বিপজ্জনক।' সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, 'সে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে, দুই গোল করেছে। সে ছিল দলের নেতা। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং স্বাভাবিক নেতা। তাকে দলে পেয়ে আমি খুবই সৌভাগ্যবান।'