images

স্পোর্টস / ফুটবল

রিয়ালে ফেরা নিয়ে ব্রাজিল তারকা— ‘সিদ্ধান্ত নেবে ঈশ্বর আর স্ত্রী’

স্পোর্টস ডেস্ক

০৪ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

ফ্রান্সের লিগে নতুন এক আলোচনার নাম এখন এনদ্রিক। ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড অলিম্পিক লিওঁ-এর জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন, আর তাতেই জমে উঠেছে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা।

সবশেষ ম্যাচে রেন-এর বিপক্ষে ৪-২ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একটি গোল করার পাশাপাশি পেনাল্টি আদায়েও সহায়তা করেন, যা দলের জয়ে বড় অবদান রাখে। তার এই পারফরম্যান্সই আবার নতুন করে প্রশ্ন তুলেছে মৌসুম শেষে তিনি কি ফিরে যাবেন রিয়াল মাদ্রিদে, নাকি লিওঁতেই থাকবেন?

তবে এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি ১৯ বছর বয়সি এই স্ট্রাইকার। বরং হালকা মজার সুরে বলেন, তার ভবিষ্যৎ নির্ধারণ করবে ঈশ্বর ও তার স্ত্রী। এনদ্রিকের ভাষায়, “ঈশ্বর আমাকে যা বলবেন, আর আমার স্ত্রী যা চাইবে আমি সেটাই করব। যদি লিওঁতে থাকতে হয়, আনন্দের সঙ্গেই থাকব।”

রিয়াল মাদ্রিদ প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। বলেন, “ফিরতে হলে ফিরব। ক্লাব যদি অন্য কোথাও পাঠায়, সেখানেও যাব। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা ঈশ্বরই বলে দেবেন।”

এই মৌসুমে লিওঁর হয়ে ১৯ ম্যাচে মাঠে নেমে ৮টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এনদ্রিক। বেশিরভাগ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। তার এমন ধারাবাহিক পারফরম্যান্স লিওঁকে লিগে তৃতীয় স্থানে তুলে এনেছে, যা আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এনে দিতে পারে।

ফরাসি সংবাদমাধ্যমের মতে, লিওঁ যদি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তাহলে এনদ্রিককে আরও এক মৌসুমের জন্য রেখে দেওয়ার সম্ভাবনা জোরালো হবে। নিয়মিত খেলার সুযোগ পাওয়াও তার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।

এসটি