images

স্পোর্টস / ক্রিকেট

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক

০৪ মে ২০২৬, ০১:৪২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক সংকটের পর নতুন করে গতি ফেরাতে তৎপর হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। আজ বিকেল তিনটায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই সভায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

গত মাসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটিকে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের তৃতীয় বোর্ড সভা হলেও, এবারই প্রথমবারের মতো নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো সরাসরি আলোচনায় উঠছে।

সভায় নির্বাচন কমিশন গঠন, ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং সার্বিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ ছাড়া জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়ন, আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।