images

স্পোর্টস / ফুটবল

ছয় মৌসুমে তিনবার সিরি আ শিরোপা জিতল ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

০৪ মে ২০২৬, ১১:৫৬ এএম

মিলানের রাস্তায় শুধুই নীল-কালো উন্মাদনা। এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই সিরি আ শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মিলান। এটি তাদের ইতিহাসের ২১তম লিগ শিরোপা। শেষ ছয় মৌসুমে এটি তাদের তৃতীয় সিরি আ শিরোপা।

রোববার (৩ মে) সান সিরোর ঘরের মাঠে বিরতির ঠিক আগে দারুণ এক আড়াআড়ি শটে গোল করেন মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি যোগ করে ব্যবধান বাড়ান। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে যায় ইন্টার। এখন পরের তিন ম্যাচে ইন্টার হারলেও এবং নাপোলি জিতলেও আর কোনো পরিবর্তন হবে না শীর্ষস্থানে।

সিরি আ’র ইতিহাসে সবচেয়ে বেশি ৩৬টি শিরোপা জিতেছে জুভেন্টাস। তারপরই ইন্টারের অবস্থান, আর ১৯টি শিরোপা নিয়ে তৃতীয় স্থানে এসি মিলান। শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো থেকে শুরু করে পুরো মিলান শহরে ছড়িয়ে পড়ে উৎসবের ঢেউ। হাজারো সমর্থক জড়ো হয়েছেন দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনে।

চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্টার অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, “আজ আমরা সবাই আনন্দিত। কিন্তু এই সাফল্যের পেছনে যে কঠোর পরিশ্রম আছে, তা ভুলে গেলে চলবে না। গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হয়েছি। সেখান থেকে আবার নতুন করে শুরু করা মোটেও সহজ ছিল না।”