images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলের মাঝেই রাজস্থানের মালিকানায় রদবদল

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৬, ০৭:৩২ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ও পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিকানায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মাত্র দেড় মাস আগে রেকর্ড দামে বিক্রির ঘোষণার পর এবার আরও শক্তিশালী এক ভারতীয় কনসোর্টিয়ামের হাতে চলে যাচ্ছে দলটি।

ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তাল এবং ভ্যাকসিন নির্মাতা আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৫,৬৬০ কোটি টাকা) দামে রাজস্থান রয়্যালসের পুরো ফ্র্যাঞ্চাইজি কিনে নিচ্ছে। রোববার সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তি অনুসারে মিত্তাল পরিবার পাবে প্রায় ৭৫ শতাংশ শেয়ার। আদার পুনাওয়ালা পাবেন প্রায় ১৮ শতাংশ। বাকি ৭ শতাংশ থাকবে বর্তমান মালিক মনোজ বাদালসহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছে।

এই চুক্তির আওতায় শুধু আইপিএলের রাজস্থান রয়্যালস নয়, দক্ষিণ আফ্রিকার এসএটি-টি-টোয়েন্টি লিগের পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বার্বাডোজ রয়্যালসও অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন মালিকানায় অদিত্য মিত্তাল, ভানিশা মিত্তাল-ভাটিয়া, আদার পুনাওয়ালা এবং মনোজ বাদাল ফ্র্যাঞ্চাইজির বোর্ডে যুক্ত হবেন। চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন হবে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে, যা বিসিসিআই ও ভারতের কম্পিটিশন কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

গত ২৫ মার্চ আইপিএল শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে ১.৬৩৫ বিলিয়ন ডলারে দল বিক্রির ঘোষণা করা হয়েছিল। সেই গ্রুপে ছিলেন এনএফএলের ডেনভার ব্রঙ্কোসের মালিক রব ওয়ালটন ও ডেট্রয়েট লায়ন্সের মালিক পরিবারের সদস্য মাইকেল হ্যাম্পসহ কাই সোমানির নেতৃত্বাধীন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি আর সম্পন্ন হয়নি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালস মাত্র ৬৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ১৮ বছর পর দলটির মূল্য বেড়ে হয়েছে প্রায় ৫৮ গুণ।

চলতি আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালস এখনও ভালো অবস্থানে রয়েছে। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। নতুন মালিকানার খবর দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ যোগ করবে বলে আশা করা যায়।