images

স্পোর্টস / ক্রিকেট

‘সূর্যবংশীকে খেলানো শিশুশ্রমের সামিল’

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৬, ০৬:২৪ পিএম

মাঠে একের পর এক ঝড় তুলছেন মাত্র ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে তার ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। কিন্তু এই অসাধারণ পারফরম্যান্সের মাঝেই তার দল রাজস্থান রয়্যালসের জন্য তৈরি হয়েছে নতুন সমস্যা।

কর্নাটকের এক সমাজকর্মী এইচ. ভেংকটেশ বৈভবকে মাঠে নামানোয় তীব্র আপত্তি জানিয়েছেন। তার দাবি, এটা সরাসরি শিশুশ্রমের আওতায় পড়ে। একটি নিউজ ডিবেটে তিনি বলেন, '১৫ বছরের একটি শিশুকে পেশাদার ক্রিকেট লিগে খেলিয়ে শোষণ করা হচ্ছে। তার এখন স্কুলে যাওয়া ও পড়াশোনা করা উচিত। এটা অন্য শিশুদের জন্যও খারাপ দৃষ্টান্ত।' 

ভেংকটেশ আরও জানিয়েছেন,'আমি এর তীব্র নিন্দা জানাই। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব বা আইনি মামলা করব। বৈভবকে আইপিএলে খেলতে দেবেন না। এটা শিশুশ্রম। ওর এখন পড়াশোনা করা উচিত।' 

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, ভারতের শিক্ষার অধিকার আইন অনুসারে ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। ১৫ বছর বয়সী বৈভবের ক্ষেত্রে খেলাধুলা ও বিনোদনের মতো ক্ষেত্রে সুযোগ থাকলেও, কাজটি যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে প্রশ্ন উঠতে পারে। এ নিয়ে আইনি বিতর্ক এখনও চলছে।

এর আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ভক্তদের এড়িয়ে যেতে দেখা যায় বৈভবকে। সেসময় অনেকেই উদ্বেগ প্রকাশ করেন যে, অল্প বয়সে এত বড় চাপ তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

আইনি হুমকি সত্ত্বেও মাঠে বৈভবের জাদু অব্যাহত। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিসহ তার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ঝোড়ো ২৩৭-এ। বাঁহাতি এই ওপেনারকে নিয়ে এরই মধ্যে জাতীয় দলে ডাকার দাবি উঠেছে। শোনা যাচ্ছে, আগামী জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই ভারতের জার্সিতে তার অভিষেক হতে পারে।