images

স্পোর্টস / ফুটবল

২০২৬ বিশ্বকাপ জিতবে মেক্সিকো!

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

আগামী ১১জুন শুরু হ‌চ্ছে বিশ্বকাপফুটবল। তবে এ নিয়ে চাপের কথা মাথাতেই আসছে না ১৭ বছর বয়সই মেক্সিকোর উজ্জ্বল তরুণ ফুটবলার গিলবার্তো মোরা। এই তরুণ আরও জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিতবে মেক্সিকো। 

স্পোর্টস হার্নিয়ার চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছেন তিনি। শনিবার গুয়াদালাহারায় চিভাসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর মোরা মেক্সিকান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর দলই বিশ্বকাপের অন্যতম ফেভারিট।

‘আমি বলব আমরাই বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট। আমরা নিজেদের মাঠে খেলব। আমি মনে করি আমরা মানসিকভাবে ফেভারিট।’, বলেছেন তিনি। 

মোরার এই আত্মবিশ্বাসের ভিত্তি শূন্য নয়। গত গ্রীষ্মে গোল্ড কাপ জয়ী মেক্সিকো দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে শিরোপা জয়ের পর জাতীয় দলে নিজেকে আরও প্রমাণ করেছেন। কোচ হাভিয়ার আগুইরের আস্থাও অর্জন করেছেন।

চলতি মৌসুমে লিগা এমএক্সে চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। তবে এখন পুরোপুরি সুস্থ। মোরা বলেন, ‘আমি ১০০ শতাংশ ঠিক আছি। সুস্থ হতে একটু বেশি সময় লেগেছে। তবে ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। শারীরিকভাবে ভালো অনুভব করছি এবং যা হোক না কেন তার জন্য প্রস্তুত।’

১৮ বছর পূর্ণ হলেই ইউরোপ বা অন্য কোনো বড় লিগে পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তাই আসন্ন বিশ্বকাপ তাঁর কাছে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরার সেরা সুযোগ। তবে মোরা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশকে বিশ্বকাপ জেতাতে চান।

‘ঈশ্বর চাইলে আমি বিশ্বকাপে থাকব। আমি নিজের উপর বিশ্বাস রাখি।’, যোগ করেন তিনি।