images

স্পোর্টস / ক্রিকেট

বাবর কি আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন?

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৬, ০২:৩১ পিএম

পিএসএলে পেশোয়ার জালমিকে ফাইনালে তুলে দিয়ে শুধু ব্যাট হাতেই নয়, নেতৃত্বেও নিজের জাত চিনিয়েছেন বাবর আজম। ঘরোয়া লিগে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে সরাসরি কোনো ঘোষণা না দিলেও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। বাবর আজম জানিয়েছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি আবারও জাতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন। দলের স্বার্থকে সবসময় নিজের উপরে রাখেন বলে জানিয়েছেন তিনি।

বাবর বলেন, 'অধিনায়কত্বের বিষয়টি এখন মাথায় নেই। বর্তমানে আমি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নিয়ে পুরোপুরি মনোযোগ দিচ্ছি। তবে ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে যা ভালো মনে করব, তাই করব।'

পিএসএলের চলতি আসরে বাবর দুর্দান্ত ফর্মে রয়েছেন। পেশাওয়ার জালমির অধিনায়ক হিসেবে তিনি দলকে ফাইনালে তুলেছেন এবং ব্যাট হাতে দুটি সেঞ্চুরিসহ উল্লেখযোগ্য রান করেছেন।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন। ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়েন। পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়।

সমালোচনা নিয়ে প্রশ্নের জবাবে বাবর বলেন, 'ভালো করি আর খারাপ করি, সমালোচনা তো থাকবেই। এটা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মূল জিনিসগুলোতে মনোযোগ দিই এবং ক্রিকেট উপভোগ করি। আমার ভক্ত ও সমর্থকরা আমাকে প্রচুর আত্মবিশ্বাস দেয়।' ফাইনাল নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। 

এছাড়া পিএসএলে উঠে আসা নতুন প্রতিভাদের সঠিকভাবে গড়ে তোলার উপরও জোর দিয়েছেন বাবর।

ফাইনালে মারনাস লাবুশেনের নেতৃত্বাধীন হায়দরাবাদ কিংসম্যানদের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত কি না; এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, 'প্রতিটি দলের নিজস্ব কৌশল ও পরিকল্পনা থাকে। তারা ভালো খেলে ফাইনালে উঠেছে। আমরাও এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করি ফাইনালেও সবকিছু ঠিকমতো করতে পারব।'