images

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৬, ০১:৪১ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের দুই সিরিজ শেষ হয়েছে গতকাল। এবার টাইগাররা মাঠে নামবে লাল বলের ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান টেস্ট দলের সদস্যরা। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি আগামী ৮ মে থেকে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।

প্রথম টেস্টটি ৮-১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্টের জন্য দুই দল সিলেটে যাবে, যেখানে ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে করাচিতে চার দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প সম্পন্ন করেছে পাকিস্তান দল। সেখানে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ম্যাচের বিভিন্ন পরিস্থিতির ওপর ভিত্তি করে অনুশীলন করানো হয়েছে।

শান মাসুদের নেতৃত্বে এই সফরে চারজন নতুন খেলোয়াড় প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তারা হলেন- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘৌরি।

পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম এবং পেসার খুররাম শাহজাদ দলের সাথে শুরুতে আসতে পারছেন না। তারা রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দ্রাবাদ কিংস ম্যানের বিপক্ষে পিএসএল ১১-এর ফাইনালে অংশ নেবেন। টুর্নামেন্ট শেষ করে তারা বাংলাদেশে দলের সাথে যোগ দেবেন।

পাকিস্তান টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ গাজী ঘৌরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।