images

স্পোর্টস / ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০২ মে ২০২৬, ০১:৪০ পিএম

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে। ঘরের মাঠে একদিনের ক্রিকেটের সিরিজটি দাপটের সঙ্গেই জিতেছে টাইগাররা। এরপর সংক্ষিপ্ত সংস্করণে সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নেয় স্বাগতিকরা। চট্টগ্রামে দুই দলের দ্বিতীয় লড়াই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ মিরপুরে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। সিরিজ জিততে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে এ ম্যাচে আগে ব্যাট করবে লিটন দাসের দল, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক। 

প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য সহজেই তাড়া করে জিতে নেয় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম হাত খুলে খেলতে পারেননি। সাইফ ১৬ বলে ১৭ এবং তানজিদ ২৫ বলে ২০ রান করেন। 

তবে মিডল অর্ডারে চাপ সামলে নেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। এ তিন জনের ঝড়ো ব্যাটিংয়ে দুই ওভার হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিত করতেও মিডল অর্ডারের উপর ভরসা রাখবে টাইগাররা। সেই সঙ্গে প্রত্যাশায় থাকবে ওপেনারদের জ্বলে ওঠার।  

এদিকে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।