স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৬, ০৫:২২ পিএম
আজ ১ মে, মহান মে দিবস। যারা অক্লান্ত পরিশ্রমে সমাজের চাকা সচল রাখেন, তাদের সম্মান জানাতেই বিশ্বজুড়ে পালিত হয় এই দিন। বাংলাদেশেও এবার শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে। পাশাপাশি সাকিব আল হাসান ও খালেদ মাসুদ পাইলটের মতো তারকারাও শ্রদ্ধা জানিয়েছেন মেহনতি মানুষদের প্রতি।
বিসিবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে। বেলা ১টা ২৮ মিনিটে প্রথম পোস্টে বলা হয়, মাঠের আড়ালে থেকে যারা নিরলস কাজ করে যান গ্রাউন্ড স্টাফ, সাপোর্ট স্টাফ, নিরাপত্তাকর্মী, সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পোস্টে উল্লেখ করা হয়, তাদের পরিশ্রম ও নিষ্ঠার কারণেই ক্রিকেটের সাফল্য সম্ভব হয় এবং দেশ এগিয়ে যায়।
বেলা ২টা ৫৯ মিনিটে দ্বিতীয় পোস্টে ৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পেশার মানুষ মে দিবসের শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখা হয়, ‘সবাইকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা। যে সকল শ্রমিক সবকিছু সম্ভব করে তোলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
বাফুফে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘শ্রমে ঘামে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রত্যেক শ্রমজীবী মানুষকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও সম্মান।’ পোস্টের সঙ্গে একটি ফুটবল মাঠের ছবি যুক্ত করা হয়েছে।
ক্রিকেটাররাও এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘১ মে। যে সকল শ্রমিক ভাই-বোনদের পরিশ্রমে সচল এই পৃথিবী, মহান মে দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
খালেদ মাসুদ পাইলট কাস্তে হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে বলেন, ‘শ্রমিকের ঘামেই গড়ে ওঠে স্বপ্নের পৃথিবী, আর সেই স্বপ্নের পেছনে থাকে একটি পরিবারের হাসি। নিজের স্বপ্ন ত্যাগ করে যাঁরা পরিবারের মুখে হাসি ফোটান, মে দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।’