images

স্পোর্টস

শেষ টি-টোয়েন্টিতে জয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ

০১ মে ২০২৬, ০৪:০৩ পিএম

প্রকৃতির বাধায় থমকে গেছে সিরিজের লড়াই, তবে থেমে নেই বাংলাদেশের পরিকল্পনা। শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই জয়ের প্রত্যয় জানালেন শামীম হোসেন পাটোয়ারী।

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে করে সিরিজের ভাগ্য এখন ঝুলে গেছে শেষ ম্যাচের ওপর। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকলেও, বৃষ্টির কারণে সিরিজ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের।

সংবাদ সম্মেলনে শামীম হোসেন পাটোয়ারী খুব বেশি কথা না বললেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেন। তিনি স্বীকার করেন, ‘বৃষ্টির ওপর তো কারও হাত নেই, এটা ব্যাড লাক। ও ধরনের কথা হয়নি এখনো। তবে আমাদের সামনে সিরিজ জেতার ভালো সুযোগ আছে। আমরা চাইব অবশ্যই জেতার জন্য।’

শামীম বলেন, বৃষ্টি নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি, বরং সামনে যে সুযোগ আছে সেটাকেই কাজে লাগাতে চায় দল। তাদের লক্ষ্য একটাই, শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও ম্যাচসেরা হন তাওহীদ হৃদয়, শামীমের ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয়। বিশেষ করে নাথান স্মিথের করা এক ওভারে তার ‘নো লুক’ শটটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এ বিষয়ে শামীম জানান, ‘এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ, আমি জানি যখন ব্যাটিংয়ে নামি, একটু ইম্প্রোভাইজ শট খেলতে পছন্দ করি। তাই আমি এগুলো একটু বেশি অনুশীলন করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের কৌশল নিয়েও কথা বলেন তিনি। তার মতে,‘আমি চাইব টি-টোয়েন্টি ম্যাচগুলো এভাবেই খেলা উচিত, না হলে বড় ম্যাচগুলো জেতা সম্ভব নয়। আমি যখনই ব্যাটিংয়ে যাই, একটু ইতিবাচক চিন্তা নিয়ে যাই।’