images

স্পোর্টস / ফুটবল

নতুন বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

০১ মে ২০২৬, ০১:৪৫ পিএম

লিওনেল মেসি ফুটবল মাঠের বাইরেও নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি এবার স্পেনের ফুটবলে বিনিয়োগ করলেন। কাতালুনিয়ার ইউই কর্নেলা ক্লাবের পুরো মালিকানা কিনে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ক্লাবটি কিনে নেওয়ার পর মেসি খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে একটি আন্তরিক ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেন, “সবাইকে শুভেচ্ছা। আমরা এখানে এসেছি ক্লাবকে এগিয়ে নিতে এবং যতটা সম্ভব সহায়তা করতে। এই নতুন প্রকল্প নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।” 

বার্তায় মেসি আরও জানান যে, তিনি নিয়মিত দলের খোঁজখবর রাখছেন এবং প্রতি সপ্তাহে তাদের সমর্থন করে যাবেন।

কর্নেলা বর্তমানে স্পেনের পঞ্চম স্তরের লিগে খেলছে। তবে মৌসুমের শেষ দুই ম্যাচ বাকি থাকতেই তারা প্রোমোশন প্লে-অফে জায়গা করে নিয়েছে। অর্থাৎ, আগামী মৌসুমে চতুর্থ স্তরে ওঠার লড়াইয়ে থাকবে দলটি।

ক্লাবটি মূলত তার যুব একাডেমির জন্য বিখ্যাত। এখান থেকেই উঠে এসেছেন বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা এবং বর্তমান আরসেনাল গোলরক্ষক ডেভিড রায়ার মতো ফুটবলার। মেসির বিনিয়োগকে ক্লাব কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। তাদের লক্ষ্য খেলার মান উন্নয়ন, সাংগঠনিক উন্নতি এবং তরুণ প্রতিভা বিকশিত করা।