স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কয়েকদিন আগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড সরকারের আহ্বানে পদত্যাগ করার পর, দেশটির সরকার এবার ক্রিকেট পরিচালনার জন্য একটি ৯ সদস্যের ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে।
এই কমিটিতে রয়েছেন ক্রিকেটের কিংবদন্তি তারকা কুমার সাঙ্গাকারা, সাবেক ওপেনার রোশান মহানামা এবং সিদ্ধার্থ ওয়েত্তিমুনির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে কমিটির অধিকাংশ সদস্যই করপোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনীতিবিদ এরান বিক্রমারত্নে, যিনি ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।
কমিটি গঠনের পর এরান বিক্রমারত্নে বলেন, “এত দক্ষ ও সৎ ৯ জনের একটি কমিটির নেতৃত্ব দেওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।” তিনি কমিটির দুটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেন।
প্রথম অগ্রাধিকার- শ্রীলঙ্কা ক্রিকেটের পুরো শাসন কাঠামোকে ঢেলে সাজানো। এজন্য একটি নতুন, আধুনিক ও শক্তিশালী গঠনতন্ত্র বাস্তবায়ন করা হবে, যা ক্রিকেটকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে।
দ্বিতীয় লক্ষ্য- মাঠের পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এজন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা, উপযুক্ত কাঠামো এবং ইনসেনটিভ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে জাতীয় দলগুলো আরও শক্তিশালী হয়। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খেলোয়াড়রা ধারাবাহিকভাবে উচ্চমানের পারফরম্যান্স উপহার দিতে পারবেন।
এসএলসির ‘ট্রান্সফরমেশন কমিটি’তে যারা আছেন: এরান বিক্রমারত্নে (চেয়ারম্যান), রোশান মহানামা, কুমার সাঙ্গাকারা, সিদ্ধার্থ ওয়েত্তিমুনি, প্রকাশ শাফটার, অবন্তী কলম্বাগে, তুষিরা রাদেলা, উপুল কুমারাপেরুমা, দিনাল ফিলিপস।