images

স্পোর্টস / ক্রিকেট

দৃষ্টিকটু ব্যাটিংয়ে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দল আবারও হতাশ করেছে। জয়ের ভালো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ২১ রানে হেরে গেছে টাইগ্রেসরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতা রক্ষার।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ছিল বেশ প্রতিশ্রুতিশীল। দলীয় ২২ রানেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিন্তু অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে সামলে নেন।

তাকে সঙ্গ দেন ইমেশা দুলানি, যিনি ২৫ বলে ২৭ রান করেন। এরপর নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা মিলে চতুর্থ উইকেটে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হারশিথা শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে ঝড়ো ৪৯ রান করেন। সিলভা ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। 

তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই ৪৬ রান তুলে ফেলে উদ্বোধনী জুটি। দিলারা আক্তার ২৩ বলে ২৩ রান করে ফিরে গেলে জুয়াইরিয়া আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ২৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও তার বিদায়ের পর দলের ছন্দপতন ঘটে।

এক প্রান্ত আগলে রেখে শারমিন আক্তার ৪৫ রান করেন, তবে ৪৭ বল খরচ করায় রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৩৩ রানে। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি।