images

স্পোর্টস / ক্রিকেট

পদত্যাগ করছেন না তামিম

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব হলো বোর্ডের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নেওয়া এবং আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। 

তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নির্বাচনের আগে অ্যাডহক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তামিম।

মিরপুরে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো চিন্তাই তিনি করেননি এবং আসন্ন বিসিবি নির্বাচনে গঠনতন্ত্র মেনে অংশ নেবেন।

তামিম বলেন, ‘আগামী ৩ মে বোর্ড মিটিং। সেখানে বিসিবির নির্বাচন নিয়ে আলোচনা করব। সাধারণত বিসিবির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে এক মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক হয়ে যায়। আশা করি আমরাও ৩ মে থেকে এক মাসের মধ্যে নির্বাচন করব। নির্বাচনের যে তারিখ বেঁধে দেওয়া আছে, তার কমপক্ষে ১৫ দিন আগে নির্বাচন করব। আর আমি পদত্যাগ করছি না। এমন কোনো চিন্তাও আমার মাথায় নেই। নির্বাচনে আমি অবশ্যই অংশ নেব। গঠনতন্ত্র মেনেই তা করব।’