images

স্পোর্টস / ক্রিকেট

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

নানা অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার জায়গায় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই এবার আদালতে রিট দায়ের করা হয়েছে।

গত ৭ এপ্রিল এনএসসি এক সংবাদ সম্মেলনে জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির বর্তমান বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়। নতুন অ্যাডহক কমিটিকে তিন মাসের জন্য বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্য সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

এদিকে, এই অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টে রিট দায়ের করেছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী। রিটে বিসিবির নতুন কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

এনএসসি জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে এবং অ্যাডহক কমিটির প্রধান কাজ হবে স্বচ্ছভাবে নির্বাচনের ব্যবস্থা করা।