স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
আইপিএল ২০২৬-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ভ্যাপ ব্যবহারের দায়ে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ওই ম্যাচে এই আচরণের জন্য তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিসিসিআই এক বিবৃতিতে জানায় যে, রিয়ান পরাগ আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২১ ধারা লঙ্ঘন করেছেন, যা খেলার সুনাম ক্ষুণ্ণ করার সাথে সম্পর্কিত। পাঞ্জাব কিংসের ২২২ রান তাড়া করার সময় এই ঘটনাটি ঘটে। ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া এই শাস্তি পরাগ স্বীকার করে নিয়েছেন। এছাড়া বিসিসিআই জানিয়েছে যে, আইপিএলের মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট দল ও কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পথ খুঁজছে তারা।
রিয়ান পরাগের এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ১০ এপ্রিল গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের কারণে দলের ম্যানেজার রুমি ভিন্দারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। ভিন্দার আইপিএলের ৪.১.১ প্রোটোকল ভঙ্গ করেছিলেন। তিনি আইপিএল দুর্নীতি দমন ইউনিটের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে জানান যে, বিষয়টি অনিচ্ছাকৃত ছিল। পরবর্তীতে তাঁকে সতর্ক করে ভবিষ্যতে নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
দুটি ঘটনাই প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর। রুমি ভিন্দারের ক্ষেত্রে বৈভব সূর্যবংশীর পাশে বসে ফোন ব্যবহারের ছবি ছড়িয়ে পড়েছিল, আর পরাগের ক্ষেত্রেও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর তাঁর ভ্যাপিং করার ছবি দ্রুত ভাইরাল হয়।