images

স্পোর্টস / ফুটবল

৯৭০ তম গোল করলেন রোনালদো, টানা ২০ জয় আল নাসেরের

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের বুধবার সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে আল নাসর। এই জয়ের মাধ্যমে তারা শিরোপা লড়াইয়ের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি টানা ২০তম জয় তুলে নিয়েছে।

শীর্ষস্থানে থাকা আল নাসর তাদের পয়েন্ট ব্যবধান ৮ থেকে ১১-তে উন্নীত করে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এগিয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো প্রত্যাশিতভাবেই বড় ভূমিকা পালন করেন এবং লিগ মৌসুমে নিজের ২৫তম গোলটি পূর্ণ করেন।

টানা ৭৫ মিনিট গোলশূন্য থাকার পর পর্তুগিজ সুপারস্টার জোয়াও ফেলিক্সের ইনসুইং কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়ান। বলটি পোস্টের একদম ভেতরের দিক দিয়ে জালে ঢুকে পড়ে, ফলে চেলসির সাবেক গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির কিছুই করার ছিল না। গোল করার পর রোনালদো কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে যান এবং সেখানে সতীর্থ ও বদলি খেলোয়াড়রা তাকে ঘিরে উল্লাস প্রকাশ করেন।

ম্যাচের ৯০ মিনিটে কিংসলে কোমান একটি শক্তিশালী শটের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন। আল আহলি একটি বিপজ্জনক কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে কোমান এই সুযোগটি কাজে লাগান।

আল নাসরের জয়ের ধারা এখন টানা ২০ ম্যাচে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৬টি জয় এসেছে লিগে। ঘরোয়া মৌসুমের আর মাত্র চারটি খেলা বাকি। আল আহলির হাতে একটি ম্যাচ বেশি থাকলেও তারা শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে।

এই গোলের মাধ্যমে রোনালদো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন। এর আগে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা ৯ বার তিনি এই রেকর্ড গড়েছিলেন।

গত নয় ম্যাচে নয়টি গোল করা রোনালদোর ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট গোল সংখ্যা এখন ৯৭০ এবং আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ১২৬টি। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনি ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।