স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম
বুধাবর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেজের পেনাল্টি গোল স্প্যানিশ ক্লাবটিকে হার থেকে রক্ষা করে।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিওকেরেস। বিরতির পর ৫৫ মিনিটে আবারও পেনাল্টি পায় আতলেতিকো; মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এবার ভুল করেননি হুলিয়ান আলভারেজ, জোরালো শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান তিনি।
ম্যাচের শেষ দিকে আর্সেনাল দ্বিতীয়বারের মতো পেনাল্টি পেতে পারত যখন বক্সের ভেতর এবারিচি এজেকে ফাউল করেন দাভিদ হাঙ্কো। রেফারি শুরুতে পেনাল্টি দিলেও ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন, যা গানার্সদের বেশ ক্ষুব্ধ করে তোলে।
পিএসজি বনাম বায়ার্ন মিউনিকের মতো নয় গোলের উৎসব না হলেও, এই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। আতলেতিকো অধিনায়ক কোকে ম্যাচ শেষে বলেন, "আমাদের যেমন খেলা উচিত ছিল আমরা তেমনই খেলেছি। এই স্তরে খেললে আমাদের জেতা সম্ভব। আমার মতে, আর্সেনাল পেনাল্টি ছাড়া খুব বেশি বিপদ তৈরি করতে পারেনি।"
বুকাও সাকা এবং কাই হাভার্টজ পুরোপুরি ফিট না থাকায় আর্সেনালের আক্রমণভাগ কিছুটা দুর্বল ছিল। তা সত্ত্বেও আর্সেনালের জমাট রক্ষণ আতলেতিকোর আক্রমণভাগকে রুখে দেয়। বিশেষ করে দাভিদ রায়া আলভারেজ ও লুকম্যানের বেশ কিছু দুর্দান্ত শট ঠেকিয়ে দেন।
কিক-অফের কয়েক মিনিট আগে গ্যালারি থেকে টয়লেট পেপার বৃষ্টির মতো নিচে পড়তে থাকে, যা মেত্রোপলিতানো স্টেডিয়ামের এক চিরাচরিত কিন্তু বিতর্কিত দৃশ্য। ইউরোপের বড় ট্রফিটি এখনো জিততে না পারা মহাদেশের অন্যতম দুই জায়ান্ট ক্লাবের লড়াইয়ে কেউই এক চুল ছাড় দিতে রাজি ছিল না।
আগামী মঙ্গলবার লন্ডনে দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। তার আগে আর্সেনালকে ঘরোয়া লিগে ফুলহ্যামের বিপক্ষে লড়তে হবে, আর আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে দ্বিতীয় লেগের কথা মাথায় রেখে লা লিগায় তাঁর মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন।