স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের খেলাধুলাসহ অনেক ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের নারী ফুটবল দল প্রায় পাঁচ বছর ধরে কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। এবার ফিফা তাদের জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে।
ফিফা কাউন্সিল সম্প্রতি একটি নিয়ম সংশোধন অনুমোদন করেছে, যার ফলে দেশের বাইরে নির্বাসিত আফগান নারী ফুটবলাররা ফিফা-অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তালিবান নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশনের অনুমোদন ছাড়াই তারা অফিসিয়াল ম্যাচ খেলতে পারবেন।
২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর আফগান নারীদের শিক্ষা, চাকরি ও খেলাধুলায় ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করা হয়। ফলে অনেক ফুটবলারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় বা খেলা ছেড়ে দিতে হয়। ফিফা এই পরিস্থিতিতে সাড়া দিয়ে ২০২১ সালেই ১৬০ জনেরও বেশি ঝুঁকিতে থাকা খেলোয়াড়, কর্মকর্তা ও মানবাধিকারকর্মীকে নিরাপদে সরিয়ে নিয়েছিল।

এই নতুন নিয়মটি ফিফার ‘আফগান নারী ফুটবলের জন্য অ্যাকশন স্ট্র্যাটেজি’র অংশ। গত বছর মে মাসে ফিফা কাউন্সিল এই কৌশল অনুমোদন করে। এরপর গড়ে তোলা হয় ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামের একটি দল, যেখানে দেশের বাইরে বসবাসরত আফগান নারী ফুটবলাররা সংগঠিতভাবে অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ফিফা তাদের জন্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নির্বাচনী ক্যাম্প আয়োজন করছে এবং প্রায় ৯০ জন খেলোয়াড়কে ব্যক্তিগত সহায়তা প্যাকেজ দিচ্ছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেড যে সুন্দর যাত্রা শুরু করেছে, তাতে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের পাশাপাশি অন্যান্য সদস্য অ্যাসোসিয়েশনকেও সাহায্য করতে চাই, যারা হয়তো সাধারণ নিয়মে জাতীয় দল গঠন করতে পারছে না।’