images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপ না খেলা ছিল বড় ভুল, বিসিবিতে তামিমকে নিয়ে আশাবাদী: সাকিব

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

ইউরোপে নতুন এক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে, কিন্তু তার জার্সি উন্মোচন হলো হাজার মাইল দূরে মুম্বাইয়ে। এই ব্যতিক্রমী আয়োজনেই মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। নতুন লিগ, পুরোনো সম্পর্কের টানাপোড়েন আর জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স; সব মিলিয়ে তার বক্তব্যে উঠে এলো আক্ষেপ, বিশ্লেষণ আর ভবিষ্যতের আশা।

বেলজিয়ামে শুরু হতে যাওয়া নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ ‘ইউরোপিয়ান ইউনিয়ন টি-টোয়েন্টি বেলজিয়াম’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভারতের মুম্বাইয়ে। লিগটির আয়োজক ও পৃষ্ঠপোষকদের বড় একটি অংশ ভারতীয় হওয়ায় এই আয়োজন সেখানে করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও, যিনি অ্যাকসেল ইউনাইটেড ব্রাসেলস দলের অধিনায়ক হিসেবে খেলবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বাংলাদেশের ক্রিকেট ও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন। ২০২৬ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, 'এটি ছিল একটি বড় ভুল সিদ্ধান্ত'। তার ভাষায়, 'বিশ্বকাপের মতো মঞ্চে না খেলা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি এবং সমর্থকদের জন্য হতাশার।'

সাকিব বলেন, 'বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ, যেখানে মানুষ জাতীয় দলের খেলা দেখতে মুখিয়ে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ আসরে অংশ না নেওয়া মানে বড় একটি সুযোগ হাতছাড়া করা।' তিনি মনে করেন, 'এই সিদ্ধান্ত ভবিষ্যতে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়েও কথা বলেন সাকিব। তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তামিম এখনো নির্বাচিত নন, বরং নির্বাচন আয়োজনের দায়িত্বে আছেন। তবে তিনি যদি ভবিষ্যতে সভাপতি হন, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেট উপকৃত হতে পারে বলেই বিশ্বাস করেন সাকিব।' যদিও তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতার ইঙ্গিতও তার কথায় ফুটে ওঠে।

জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব। তার মতে, 'আগে যেখানে দলটি ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভরশীল ছিল, এখন তারা দলগতভাবে খেলছে। যা উন্নতির লক্ষণ।'

ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট থেকে কে হতে পারেন বৈশ্বিক তারকা; এমন প্রশ্নে নির্দিষ্ট কারও নাম বলতে চাননি তিনি। তবে নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে দলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করেন সাকিব।

এছাড়া ভারতীয় ক্রিকেটের অবকাঠামোর প্রশংসা করে তিনি বলেন, 'তাদের ক্রিকেট ব্যবস্থা এতটাই শক্তিশালী যে আগামী কয়েক দশকেও খেলোয়াড় সংকটে পড়তে হবে না। বিশেষ করে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট নতুন প্রতিভা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।' তবে একই সঙ্গে তিনি মনে করেন, 'টি-টোয়েন্টির প্রতি অতিরিক্ত ঝোঁক টেস্ট ক্রিকেটে কিছুটা প্রভাব ফেলতে পারে।'