images

স্পোর্টস / ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের ম্যাচ, টিকিটের মূল্য ফেরত পাচ্ছেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

চট্টগ্রামে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো। নির্ধারিত সময়েও মাঠে গড়ায়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হয়েছে দুই দলকে।

সাগরিকায় দুপুর ২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও আবহাওয়ার বৈরিতায় শুরুই করা যায়নি খেলা। টস হওয়ার নির্ধারিত সময় ছিল দেড়টা, কিন্তু সেটিও সম্ভব হয়নি। যদিও দুই দল মাঠে উপস্থিত হয়েছিল, তবুও টানা ভারী বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী করে তোলা যায়নি।

দুপুর ১২টার কিছু আগে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে চলতে থাকে পুরো বিকেলজুড়ে। অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজনের জন্য সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত। কিন্তু সেই সময়ের মধ্যেও খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিসিবি জানিয়েছে, অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন।

উল্লেখ্য, আগের দিনও চট্টগ্রামে সারাদিন বৃষ্টি হয়েছে। যদিও সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক ছিল, তবে দুপুরের পর থেকেই আবারও শুরু হয় প্রবল বর্ষণ।

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসেছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় তুলে নেয় টাইগাররা, ফলে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ মে, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।