স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
দ্রুতগতির বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তোলা নাহিদ রানা এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের এক উজ্জ্বল নাম। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং পিএসএলের বাকি ম্যাচের জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি। কিন্তু পেশোয়ার জালমির আকুল অনুরোধে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচের জন্য বিশেষ অনুমতি মিলেছে এই তরুণ পেসারের।
পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, 'পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।' বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ অনুমতির ব্যবস্থা করতে পেরেছেন।
গত আসরে পেশোয়ারের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি নাহিদ। এবার নিলামে ৬০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মৌসুমে তার পিএসএল অভিষেক হয়েছে এবং সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি।
৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন নাহিদ, যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২। সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স এসেছে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন তিনি। গতিময় বোলিং এবং নিয়ন্ত্রিত লাইন-লেংথে তিনি দ্রুতই পেশোয়ারের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন।
পেশোয়ার জালমি কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী ৩ মে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল ফাইনাল। প্রতিপক্ষ হবে মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান অথবা ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে যেকোনো একটি দল।