images

স্পোর্টস / ক্রিকেট

আউট হয়ে ড্রেসিং রুমে ধূমপান ভারতীয় তারকা ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

আইপিএল ২০২৬-এর উত্তাপের মধ্যে রাজস্থান রয়্যালস শিবিরে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন রিয়ান পরাগ। মাঠের লড়াই নয়, এ বার ড্রেসিং রুমের এক দৃশ্যই ঝড় তুলেছে ক্রিকেট মহলে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে তাঁর ভ্যাপিং করার (বা ই-সিগারেট ব্যবহার করে ধূমপান করতে দেখা গিয়েছে) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। 

মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের ১৬তম ওভারে ঘটনাটি ঘটে। ব্রডকাস্ট ক্যামেরায় ধরা পড়ে যে, ড্রেসিংরুমে রিয়ান পরাগের হাতে ভ্যাপের মতো কিছু একটা রয়েছে। এর কিছুক্ষণ আগেই ১৬ বলে ২৯ রান করে আউট হয়ে ফেরেন তিনি। এরপর ড্রেসিং রুমে অন্য সতীর্থদের সঙ্গে বসে ভ্যাপিং করতে দেখা যায় তাকে। এ সময় তার মুখ থেকে ধোয়া বের হতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়ার পর এমন আচরণের কারণে ভক্ত ও সাবেক ক্রিকেটারদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারতের ২০১৯ সালের আইন অনুযায়ী এই ধরনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই ঘটনায় তার বিরুদ্ধে বড় শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আইনে ই-সিগারেট বা ভেপ তৈরি, কেনা, বিক্রি, আমদানি বা ব্যবহার- সবই নিষিদ্ধ। এই আইন ভাঙলে জেল ও মোটা জরিমানার মুখে পড়তে হতে পারে। এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। 

বিসিসিআই-এর সম্ভাব্য ব্যবস্থা:
যদিও আইপিএলে ভ্যাপিং নিয়ে সরাসরি কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে বিসিসিআই-এর স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকল অনুযায়ী স্টেডিয়ামের ভেতরে তামাক বা এই জাতীয় পণ্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। পরাগের এই আচরণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে চলে যাওয়ার পর ২০২৬ মৌসুমে ২৪ বছর বয়সী রিয়ান পরাগের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেয় রাজস্থান রয়্যালস। তবে অধিনায়ক হিসেবে তার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। এই ম্যাচের আগে ৭ ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৮১ রান। মাঠের বাইরের এই বিতর্ক তার ওপর চাপের বোঝা আরও বাড়িয়ে দিল।

মাঠের বাইরের এসব বিতর্কের মাঝেও রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ২২২ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের মাধ্যমে তারা পাঞ্জাব কিংসকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল।

রিয়ান পরাগের আগে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রুমি ভিন্দারও বিসিসিআই-এর কোপানলে পড়েছেন। গত ১০ এপ্রিল গুয়াহাটিতে আরসিবির বিপক্ষে ম্যাচে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের দায়ে তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও অফিশিয়াল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিসিসিআই-এর অ্যান্টি-কারাপশন ইউনিট (ACSU) এ বিষয়ে তাকে শোকজ নোটিশও পাঠিয়েছে।