images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলের ইতিহাসে যে রেকর্ডের ফার্স্ট বয় কোহলি

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ৯ উইকেটে হারিয়ে একপেশে জয় তুলে নিল। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় কথা ছিল বিরাট কোহলির আরেক অবিস্মরণীয় অর্জন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান করাই অনেক বড় ব্যাপার। সেখানে শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এই রেকর্ড ছোঁয়া যেন এক রূপকথা। আর সেই রূপকথার নায়ক বিরাট কোহলি। ৩৭ বছর বয়সেও তিনি যেন প্রতিবার নতুন করে নিজেকে প্রমাণ করতে নামেন।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে কোহলি আইপিএলে নিজের রান নিয়ে গিয়েছিলেন ৮৯৮৯-এ। মাত্র ১১ রান দূরে ছিল সেই সোনালি মাইলফলক। আর দিল্লির বিপক্ষে ছোট্ট একটা চেজে (৭৬ রান) তিনি সেই ব্যবধান পূরণ করে দিলেন।

ম্যাচে দিল্লি প্রথমে ব্যাট করে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায়। আরসিবি সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি অপরাজিত ২৩ রান (১৫ বলে, ১ চার ও ২ ছক্কা) করে দলকে ৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন। ঠিক এই ইনিংসের মাঝেই তিনি আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রানের ক্লাবে প্রবেশ করেন।

২০০৮ সাল থেকে একটানা আরসিবির হয়ে খেলছেন কোহলি। সময় বদলেছে, ক্রিকেটের ধরন পাল্টেছে, প্রতিপক্ষ এসেছে-গেছে, কিন্তু তার ধারাবাহিকতা ও লড়াকু মানসিকতা একই রয়ে গেছে। প্রতি মৌসুমে তিনি আরও পরিণত ও আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন।

আইপিএলের ১৯টি আসর শেষ হলেও এখনও কেউ ৮০০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। কোহলি সেখানে একা অনেকটা এগিয়ে। বয়স বাড়লেও জাতীয় দলে খেলার সুযোগ কমে এলেও, আইপিএলের ২২ গজে তিনি এখনও দর্শকদের মন জয় করে রাখেন একাই।