স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
ঘরোয়া লিগে দাপট দেখানো দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ আজ মুখোমুখি হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি টানা দ্বিতীয় ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে, আর বায়ার্ন চাইছে দীর্ঘদিনের সেমিফাইনালের অভিশাপ ভাঙতে। প্রথম লেগের খেলা হবে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
বায়ার্ন মিউনিখ ১৯ এপ্রিল বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে। তবে কোচ ভিনসেন্ট কোম্পানি উদযাপনের চেয়ে বড় লক্ষ্যে মনোযোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়। লিগ শিরোপা হাতে পাওয়ার পরও তারা কোনো বড় আনন্দ করেনি, কারণ সবার চোখ এখন ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির দিকে।
অন্যদিকে পিএসজি লিগ ওয়ানে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে। তবে লুইস এনরিকের দল সবচেয়ে বেশি মরিয়া চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখতে। গত মৌসুমে প্রথমবারের মতো এই ট্রফি জিতেছে তারা। এবার টানা দ্বিতীয় ফাইনালে ওঠার মিশনে রয়েছে প্যারিসের ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে পিএসজি যেন অন্য রূপ ধারণ করে। চেলসি ও লিভারপুলের মতো শক্তিশালী দলকে দুই লেগ মিলিয়ে মোট ১২ গোল দিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে। দেম্বেলে, খাভিচা কভারাতস্খেলিয়া ও ডুয়ের মতো তারকারা দুর্দান্ত ফর্মে আছেন। আজ জিতলে পিএসজি ফরাসি ফুটবলের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ জয়ের প্রথম ক্লাব হবে। মজার ব্যাপার, চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর তাদের প্রথম জয়টিও এসেছিল বায়ার্নের বিপক্ষেই।

বায়ার্ন এবার চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচ জিতে সেমিতে এসেছে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে দুই লেগে ৬-৪ গোলে হারিয়ে তারা সবাইকে চমকে দিয়েছে। গত শনিবার বুন্দেসলিগায় মাইঞ্জের সঙ্গে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
পিএসজির বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডও বায়ার্নের পক্ষে। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে বাভারিয়ানরা। ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে পাঁচবারের মুখোমুখিতে চার বারই হেরেছে পিএসজি। গ্রুপ পর্বে নভেম্বরে পার্ক ডি প্রিন্সেসেই ২-১ গোলে জয় পেয়েছিল তারা। ফলে ম্যাচটি স্বাগতিকদের জন্য একদিকে যেমন ঘরের মাঠে গেরো খোলার, অন্যদিকে ফরাসি জায়ান্টদের জন্য প্রতিশোধেরও। এদিকে হ্যারি কেইন দুর্দান্ত ফর্মে আছেন। জিনাব্রি চোটে থাকলেও জামাল মুসিয়ালা ফিট হয়ে ফিরেছেন।
আসরের আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানাতে কোম্পানি বলেন, ‘এ বছর আমরা বার্নাব্যু এবং প্যারিস দুই জায়গাতেই জিতেছি। প্যারিস নিঃসন্দেহে এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী। কিন্তু যদি কোনো দল এই চ্যালেঞ্জ নিতে পারে, তবে সেটা আমরাই। আমরা জানি প্যারিস কতটা ভালো দল, কিন্তু আমরা এই ম্যাচটা জিততে চাই।’
‘দলটির বিপক্ষে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের প্রতিপক্ষের ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। উভয় দলেরই প্রচুর সৃজনশীলতা রয়েছে। বিষয়টি হলো খুঁটিনাটি, তীব্রতা এবং শক্তির পার্থক্য।’