স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম
দর্শকশূন্য মাঠে চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। যা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এর প্রেক্ষিতে ফাইনালে দর্শকদের যাওয়ার অনুমতি দেয় পিসিবি। এবার আরও বড় সুসংবাদ পেলেন দর্শকরা। শুধু ফাইনাল নয় আরও তিন ম্যাচে স্টেডিয়ামে হাজির হওয়ার অনুমতি পেলেন দেশটির ক্রিকেটভক্তরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পিএসএলের প্লে-অফ রাউন্ড। নতুন করে এই রাউন্ডের তিন ম্যাচের জন্যই দর্শকরা সরাসরি খেলার দেখার অনুমোদন পেয়েছেন।
যা ফাইনালসহ বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
প্লে-অফের প্রথম (কোয়ালিফায়ার) ম্যাচে এদিন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে। এই ম্যাচ করাচিতে এবং অবশিষ্ট তিন ম্যাচ গড়াবে লাহোরে।
টুইট বার্তায় মহসিন নাকভি জানিয়েছেন, ‘এইমাত্র প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক হয়েছে এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পিএসএলের তিনটি প্লে-অফ ম্যাচেই দর্শকদের উপস্থিতির জন্য তার অনুমতি পেয়েছি।
তবে তিনি গুরুত্বপূর্ণ একটি শর্ত দিয়েছেন– চলমান জাতীয় ব্যয় সংকোচন প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে, ম্যাচ দেখতে আসার সময় ভক্তদের গণপরিবহন ব্যবহার করতে অথবা জ্বালানি খরচ কমাতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।’
এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসর ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির।
তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট সংকটের পর জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এমনকি সিদ্ধান্ত হয়– খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
এআরএম