images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ কি ‘বাজবল’ ক্রিকেটে প্রবেশ করছে?

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, ব্যাট হাতে নির্ভীক মারমুখী ভঙ্গি আর ফিল্ডিংয়ে তীব্র আগ্রাসন। এই মানসিকতাই এখন ক্রিকেট বিশ্বে ‘বাজবল’ নামে পরিচিত। ইংল্যান্ডের সেই আক্রমণাত্মক দর্শন কি এবার বাংলাদেশের টেস্ট ক্রিকেটেও আমদানি হচ্ছে? পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে সীমিত ওভারের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিমের প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তি এই প্রশ্নকেই জোরালো করে তুলেছে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় স্পষ্ট, দল এখন আরও আক্রমণাত্মক ও সাহসী ক্রিকেটের দিকে ঝুঁকছে। তবে তিনি ‘বাজবল’ শব্দটি ব্যবহার করতে চাননি, বরং বলেছেন- টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে খেলার স্টাইলে কিছুটা পরিবর্তন আনার চিন্তা চলছে।

মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের মতো অভিজ্ঞ ওপেনারদের থাকা সত্ত্বেও তানজিদ হাসান তামিমকে স্কোয়াডে রাখা হয়েছে মূলত তার খেলার ধরনের কারণে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ আকর্ষণীয়। ২৫ ম্যাচে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি।

হাবিবুল বাশার বলেন, “আমরা খেলোয়াড় নির্বাচনের সময় তার খেলার ধরনকে গুরুত্ব দিই। যাকে দলে নেওয়া হয়, তার কাছ থেকে সেই ধরনের ক্রিকেটই আশা করি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে সেই মানসিকতার খেলোয়াড় দরকার।” তিনি স্পষ্ট করে বলেন, তানজিদকে আক্রমণাত্মক ভূমিকায় দেখার চিন্তা থেকেই এই সিদ্ধান্ত।

তবে প্রধান নির্বাচক জোর দিয়ে বলেছেন, কাউকে তার স্বাভাবিক খেলা থেকে সরিয়ে আক্রমণাত্মক করতে বাধ্য করা হবে না। জয় ও সাদমান ফর্মে আছেন এবং তাদের নিজস্ব স্টাইলে খেলতে দেওয়া হবে। “আমি সাদমানকে তামিমের মতো খেলতে বলব না, আবার তামিমকেও সাদমানের মতো খেলতে বলব না,” যোগ করেন বাশার।

হাবিবুল বাশার সরাসরি ‘বাজবল’ শব্দটি এড়িয়ে গেছেন। তিনি বলেন, “এই সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমরা এখন পর্যন্ত খুব ভালো করিনি, কিন্তু এই চক্রে ভালো পারফরম্যান্স করতে চাই। সেই লক্ষ্য থেকে হয়তো একটু বেশি আক্রমণাত্মক মানসিকতায় খেলতে চাইছি। নতুন ওপেনার নেওয়াটাও সেই পরিকল্পনার অংশ।”

তিনি আরও যোগ করেন, ব্যাটিংয়ে ধারাবাহিকতা এলে বাংলাদেশ টেস্টে ভালো করবে এবং খেলার স্টাইলে কিছুটা পরিবর্তন আসতে পারে; তবে তা ‘বাজবল’ নয়।