স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অনেক দিন দূরে ছিল বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) অবশেষে দীর্ঘ ১৪৬ দিনের বিরতির পর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আবারও সেই উত্তেজনায় ফিরছে লিটন দাসের দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই লড়াই।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা এবার টি-টোয়েন্টিতে নামছে। অন্যদিকে নিউজিল্যান্ড দলটিও বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে এসেছে। তবে অধিনায়ক টম ল্যাথাম জানিয়েছেন, যারা আছেন তাদের নিয়েই পূর্ণ লড়াইয়ে নামবেন তারা। দুই দলের মধ্যে সেয়ানে-সেয়ানে লড়াইয়ের সম্ভাবনা উজ্জ্বল।
বাংলাদেশ দলে এবার চমক রয়েছে পেস বিভাগে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানার মতো নিয়মিত পেসারদের বিশ্রাম দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে রিপন মণ্ডল ও অভিষেকের অপেক্ষায় থাকা আবদুল গাফফার সাকলাইনকে। অধিনায়ক লিটন দাস সংবাদ সম্মেলনে তাদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন।
পেস ইউনিটে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে অন্তত একজন নতুন মুখের (সাকলাইন বা রিপন) অন্তর্ভুক্তি সম্ভব। ব্যাটিং লাইনআপে বেশিরভাগ জায়গা প্রায় নিশ্চিত- ওপেনিং তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তিনে লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারে পারভেজ হোসেন ইমন। পরের দুই জায়গায় তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।
এতে নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে বাইরে থাকতে পারেন। স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের সঙ্গে নাসুম আহমেদের একজনকে বসতে হতে পারে।
চট্টগ্রামের উইকেট সাধারণত রানপ্রসবা। আগে ব্যাট করলে বড় স্কোর গড়তে হবে, আর পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করতে হবে। ব্যাটারদের জন্য এটি বড় চ্যালেঞ্জ, তবে বোলিং ইউনিট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা নির্ভার। মূল বোলারদের অনুপস্থিতিতে নতুন ও অনভিজ্ঞ বোলারদের পরীক্ষা হয়ে যাবে এই সিরিজে।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পাকিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় আছে। বিদেশের মাটিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ও রয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/আবদুল গাফফার সাকলাইন/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।