images

স্পোর্টস / ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

চট্টগ্রামের সবুজ মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষের দলে অভিজ্ঞ তারকাদের ছড়াছড়ি নেই, অনেক নতুন মুখ। তবু বাংলাদেশ অধিনায়ক লিটন দাস কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন। তার কাছে নিউজিল্যান্ড মানেই বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নাম, যাদের পটেনশিয়াল কখনোই উপেক্ষা করা যায় না।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন স্পষ্ট করে বলেন, “নিউজিল্যান্ড বড় দল। বিশ্ব ক্রিকেটে তাদের রেকর্ড সবসময়ই ভালো। হয়তো এবার কিছু নতুন খেলোয়াড় আসছে, কিন্তু একটা দেশের নাম যখন বড়, তখন নিশ্চয়ই তাদের কোনো না কোনো পটেনশিয়াল থাকে।”

টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তা নিয়ে লিটন আরও সতর্ক করেন। তিনি বলেন, “এই ফরম্যাটটাই এমন মাত্র দুজন ব্যাটসম্যান আর দুজন বোলার যদি ভালো খেলে, তাহলেই ম্যাচের ফলাফল বদলে যেতে পারে। তাই আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরা ক্রিকেট খেলা, যেভাবে আমরা এতদিন খেলে আসছি।”

সিরিজে নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তাদের অনুপস্থিতিতে বোলিং ইউনিট নিয়ে প্রশ্ন উঠলেও লিটন পুরো দলের ওপর ভরসা রাখছেন। 

তিনি বলেন, “মুস্তাফিজ তো মুস্তাফিজই। তার জায়গা পূরণ করা সহজ নয়। কিন্তু যখন সে খেলতে পারবে না, তখন কাউকে তো খেলতেই হবে। যারা সুযোগ পাবে, তারা ম্যাচ খেলতে খেলতে ধীরে ধীরে নিজেদের গড়ে তুলবে। মুস্তাফিজের মতো না হলেও তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে।”

দল গঠন ও পরিচালনায় নিজের স্বাধীনতা নিয়ে প্রশ্নে লিটন জানান, তিনি এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। “আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করে টিম গোছাচ্ছি। সঙ্গে সিলেক্টর ও কোচ আছেন। সবার মিলিত পরিকল্পনা এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে,” বলেন তিনি।

স্বাগতিক মাঠের উইকেট নিয়ে লিটন ইতিবাচক। তার মতে, “উইকেট দুই দলের জন্যই সমান থাকবে। বল না খেলা পর্যন্ত পুরোপুরি বলা যাবে না, তবে দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে।”