স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে বইছে পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ায় এবার ক্রিকেটারদের পকেটেও বড় ধরনের টান পড়তে যাচ্ছে! লঙ্কান ক্রিকেটারদের জন্য নতুন এক চুক্তির প্রস্তাব আনা হচ্ছে, যেখানে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে- "জিতলে পুরস্কার, হারলে জরিমানা।"
সবচেয়ে বড় ধাক্কাটা হলো, এখন থেকে বাংলাদেশের মতো দলগুলোকে হারালে কোনো বোনাস পাবেন না লঙ্কান ক্রিকেটাররা। বোনাস পেতে হলে এখন আইসিসি র্যাঙ্কিংয়ের 'টপ ফোর' বা প্রথম চারটি দলের বিপক্ষে সিরিজ জিততে হবে।
কঠোর হচ্ছে লঙ্কানদের চুক্তি: কী আছে নতুন নিয়মে?
আগে ১ থেকে ৯ নম্বর র্যাঙ্কিংয়ের যেকোনো দলকে হারালেই লঙ্কান ক্রিকেটাররা বোনাস পেতেন। কিন্তু নতুন নিয়মে কেবল শীর্ষ ৪ দলের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস মিলবে। স্রেফ একটা ম্যাচ জেতা এখন আর যথেষ্ট নয়।
মজার ব্যাপার হলো, দেশের মাটিতে জেতার চেয়ে বিদেশের মাটিতে সিরিজ জয়ের বোনাস রাখা হয়েছে অনেক বেশি। আবার সিরিজ হারলে ক্রিকেটারদের উল্টো জরিমানা বা পেনাল্টি গুণতে হতে পারে।
বোনাস ও ম্যাচ ফি-র নতুন কাঠামো
১. টেস্ট সিরিজ জয় (বিদেশের মাটিতে):
১ নম্বর দলকে হারালে: ১৫০,০০০ ডলার
২ নম্বর দলকে হারালে: ১০০,০০০ ডলার
৩ নম্বর দলকে হারালে: ৭৫,০০০ ডলার
৪ নম্বর দলকে হারালে: ৬০,০০০ ডলার
২. টেস্ট সিরিজ জয় (দেশের মাটিতে):
এখানে বোনাস কিছুটা কম, কারণ 'হোম অ্যাডভান্টেজ' বা নিজেদের কন্ডিশনে খেলার সুবিধা। ১ নম্বর দলকে হারালে মিলবে ১০০,০০০ ডলার আর ৪ নম্বর দলের ক্ষেত্রে এটি ডলার ২৫,০০০।
৩. ম্যাচ ফি (ম্যাচ প্রতি আয়):
এখন থেকে ম্যাচ ফি নির্ভর করবে হারের ওপরও। ম্যাচ হারলে ফি কমে যাবে উল্লেখযোগ্য হারে।
টেস্ট: জিতলে ১৫,০০০ ডলার, ড্র করলে ১০,০০০ ডলার, আর হারলে ৭,৫০০ ডলার।
ওয়ানডে: জিতলে ৭,৫০০ ডলার, হারলে মাত্র ৩,৫০০ ডলার।
টি-টোয়েন্টি: জিতলে ৫,০০০ ডলার, হারলে ২,৫০০ ডলার।
ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার
দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের ওপরেও নজর দিচ্ছে এসএলসি। কোনো ক্রিকেটার যদি আইসিসি র্যাঙ্কিংয়ের ১ নম্বরে পৌঁছাতে পারেন, তবে পাবেন ২৫,০০০ ডলার বোনাস। র্যাঙ্কিংয়ের ২ থেকে ৫-এর মধ্যে থাকলেও মিলবে ২০,০০০ ডলার বোনাস।