স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই আর্সেনাল শিবিরে স্বস্তির খবর নিয়ে ফিরছেন বুকায়ো সাকা। গত মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপ ফাইনাল হারের পর থেকে অ্যাকিলিস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই ইংলিশ উইঙ্গার। তার অনুপস্থিতিতে আর্সেনাল গত পাঁচটি ম্যাচের তিনটিতেই হেরেছে, যার ফলে তারা এফএ কাপ থেকে ছিটকে গেছে এবং লিগ টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে।
শনিবার ঘরের মাঠে ১৪তম স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ মিকেল আর্তেতা বলেন, "বুকায়ো সম্ভবত স্কোয়াডে থাকছে, তাই এটি আমাদের জন্য দারুণ খবর।"
সাকার ইনজুরি নিয়ে আর্তেতা আরও জানান, "আমরা তাকে কিছুটা সময় দিয়েছি। একটা সময় সে তার স্বাভাবিক পারফরম্যান্স ধরে রাখতে হিমশিম খাচ্ছিল কারণ সে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। আমরা তাকে সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় বিশ্রাম দিয়েছি। এখন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সে আমাদের মাঝে ফিরে এসেছে।"
সাকার পাশাপাশি ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরিও দলে ফেরার লড়াইয়ে আছেন, তবে জুরিয়েন টিম্বার এখনো ইনজুরির কারণে মাঠের বাইরে। আর্তেতা যোগ করেন, "শুধু দলে ফেরাই যথেষ্ট নয়, মৌসুমের এই পর্যায়ে আমাদের সেরা ছন্দে থাকা প্রয়োজন। তবে অন্তত তারা আমাদের সাথে আছে, যা আমাদের শক্তি বাড়াবে।"
বর্তমানে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই চরম উত্তেজনাকর অবস্থায় রয়েছে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি- উভয় দলের পয়েন্টই এখন ৭০ এবং তাদের গোল ব্যবধানও সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে সিটি টেবিলের শীর্ষে রয়েছে। গত বুধবার বার্নালির বিপক্ষে নিজেদের হাতে থাকা ম্যাচটি জিতে আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে আসে পেপ গার্দিওলার দল।
শীর্ষস্থান হারানোয় খেলোয়াড়দের ওপর কোনো মানসিক চাপ তৈরি হবে কি না, এমন প্রশ্নে আর্তেতা বলেন, "আমার মনে হয় না। গত কয়েক মাস আমরা শীর্ষে ছিলাম এবং অন্যরা আমাদের তাড়া করছিল। এখন পরিস্থিতি ভিন্ন হতে পারে, কিন্তু আসল কাজ হলো পরবর্তী ম্যাচটি জেতা। আপনি যেখানেই থাকুন না কেন, শিরোপা লড়াইয়ের মানসিক চাপ সবসময়ই কঠিন।"
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী সপ্তাহে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে গানাররা। দুই বড় টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে আর্তেতা বেশ ইতিবাচক কণ্ঠে বলেন, "মৌসুম শেষ হতে মাত্র পাঁচ ম্যাচ এবং চার সপ্তাহ বাকি। সামনে দুটি বড় প্রতিযোগিতা। মৌসুমের শুরুতে যদি কেউ আমাদের বলত যে আমরা এই অবস্থানে থাকব, আমরা হাসিমুখেই তা মেনে নিতাম। আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ বিশ্বাস আছে।"