স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
রিয়াল মাদ্রিদের জন্য লিগ শিরোপা পুনরুদ্ধারের ক্ষীণ আশা বড় এক ধাক্কার মুখে পড়েছে। মৌসুমের শেষ ছয়টি ম্যাচের আগে দলটির দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এডার মিলিতাও এবং আরদা গুলার বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন। মৌসুমের শেষ এক মাস তারা মাঠের বাইরে থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মিলিতাও খুঁড়িয়ে মাঠ ছাড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সতর্কতা হিসেবে তাকে তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার অনুশীলনে আরদা গুলারের অনুপস্থিতি সবাইকে অবাক করে দেয়; সেদিনই তার কিছু মেডিকেল টেস্ট করানো হয়। মনে করা হয়েছিল বিশ্রাম নিলেই তিনি ঠিক হয়ে যাবেন, কিন্তু বৃহস্পতিবার তাকে স্ক্যান করাতে হয়।
ডিয়ারিও এএস এর রিপোর্ট অনুযায়ী, গুলার এবং মিলিতাও দুজনেই মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করবেন। তাদের উভয়েরই 'গ্রেড টু' হ্যামস্ট্রিং টিয়ার ধরা পড়েছে, যা সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।
যদি তিন সপ্তাহের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন, তবে মৌসুমের শেষ দুই ম্যাচে সেভিয়া (অ্যাওয়ে) এবং অ্যাথলেটিক ক্লাব (হোম)-এর বিপক্ষে ফেরার সুযোগ থাকবে। কিন্তু সুস্থ হতে চার সপ্তাহ সময় লাগলে তারা হয়তো ফেরার ঝুঁকি নেবেন না। কারণ, সেই সময়ে বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন সপ্তাহ বাকি থাকবে। বার্সেলোনার বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও তাই খেলা হচ্ছে না এই দুই তারকা ফুটবলারের যা রিয়ালের জন্য বেশ বড় এক ধাক্কা।