images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ইরান 

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানি জাতীয় ফুটবল দল অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ইরানি দলটি শেষ পর্যন্ত ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই ইঙ্গিত মিলেছে এই ঘোষণায়।

বুধবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, টুর্নামেন্টে ইরানি দলটির কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকল প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে।

তিনি বলেন, ‘ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শক্তিশালী পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানের ওপর মনোযোগ দিয়ে ক্রীড়ামন্ত্রীর সরাসরি নির্দেশনায় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

মোহাজেরানি বলেন, ‘ইতোমধ্যেই দলটির সফল অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।   

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ৮ এপ্রিল থেকে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণায় ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার আশা বেড়েছে। 

গত ১৬ এপ্রিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, দলটি যোগ্যতা অর্জন করেছে এবং চলমান সংকট সত্ত্বেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। 

এরআগে গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, টুর্নামেন্টে ইরানকে স্বাগত জানানো হবে, কিন্তু ইরানি খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগের কারণে তাদের অংশগ্রহণ সমীচীন হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে এখনো আশঙ্কা রয়েছে যে, ইরানের দলটি যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে কোনো জটিলতার সম্মুখীন হবে কি না।

সূত্র: আলজাজিরা, টিআরটি

এমএইআর