স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
রাজশাহীতে শুরুর জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না বাংলাদেশ নারী দলের। প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরে এসেছে। এখন ২৫ এপ্রিলের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই।
শাহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে (রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম) বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ১৬৫ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কা সেই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৭০ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৫৮ রান করেন। এ ছাড়া শারমিন সুলতানা ২৫, নাহিদা আক্তার ২০ এবং রিতু মনি ১৭ রান যোগ করেন। শ্রীলঙ্কার বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৬ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। মালকি মাদারা, নিমাশা মিপেজ ও আইনোকা রানাভিরা প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নেন।
রান তাড়ায় শ্রীলঙ্কা শুরুতে ৪৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ দিকে আরও ৭ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায়। তবে চামারি আতাপাত্তু (৪০ রান), হার্শিথা সামারাবিক্রমা (৫০ রান) ও সানসিমা করুনারত্নে (৪০ রান)-এর ব্যাটিংয়ে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়।
চতুর্থ উইকেটে সামারাবিক্রমা ও করুনারত্নে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নাহিদা আক্তার করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর সামারাবিক্রমাও দ্রুত আউট হন। নাহিদা মোট ৪ উইকেট নেন মাত্র ২১ রানে। সুলতানা খাতুন ও রিতু মনি ১টি করে উইকেট পান।
এসটি