images

স্পোর্টস / ফুটবল

তৃতীয় স্তরে নেমে গেল হামজাদের দল

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম

২০১৬ সালে ক্লদিও রানিয়েরির অসাধারণ নেতৃত্বে লেস্টার সিটি যখন প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল, তখন কেউ ভাবেনি যে মাত্র এক দশকের মধ্যে এই দলটি ইংল্যান্ডের ফুটবলের তৃতীয় স্তরে নেমে যাবে।

কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে লেস্টারের চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন নিশ্চিত হয়েছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে নেমে আসার পর এবার চ্যাম্পিয়নশিপেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে ফক্সেসরা। ৪৪ ম্যাচে মাত্র ১১ জয় এবং ১৮ হার নিয়ে মোট ৪২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ২৪ দলের লিগে এই পয়েন্ট নিয়ে তারা শেষ হয়েছে ২৩তম স্থানে, যা সরাসরি অবনমন নিশ্চিত করেছে।

এদিন হাল সিটি, যারা টেবিলের উপরের দিকে থেকে প্লে-অফের স্বপ্ন দেখছিল, তাদের বিপক্ষে লেস্টার দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। জর্ডান জেমস ও লুক থমাসের গোলে লেস্টার ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও অলি ম্যাকবার্নির গোলে হাল সিটি সমতা ফেরায়।

বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, কিন্তু মাত্র এক মিনিট খেলার সুযোগ পেয়েছেন।

একসময়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, এফএ কাপ জয়ী এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল খেলা দলটির এই দ্রুত পতন বেশ বেদনাদায়ক। আর্থিকভাবেও এই অবনমন লেস্টারের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ তৃতীয় বিভাগে আয় অনেক কমে যাবে।