স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ছয় উইকেটের জয় নিয়ে সিরিজ ১-১ সমতায় এনেছে। প্রথম ম্যাচে স্বাগতিকরা নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছিল।
ওয়ানডে সিরিজের পর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুরে। সবকটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য বিসিবি টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে ২০০ টাকা, যা দিয়ে দর্শকরা ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। এর পরের স্তরে রয়েছে ওয়েস্টার্ন গ্যালারি, যার টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। এছাড়া শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
এছাড়া মাঠের সবচেয়ে প্রিমিয়াম বা আরামদায়ক জায়গাগুলোতে বসে খেলা দেখার জন্য খরচ করতে হবে ২,৫০০ টাকা। এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ড (ইস্ট ও ওয়েস্ট) এবং প্যাভিলিয়ন সংলগ্ন রুফ টপ (ইস্ট ও ওয়েস্ট) গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে।