স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৬ অভিযানে বড় একটি ধাক্কা লেগেছে। দলটির তরুণ ব্যাটিং সেনসেশন আয়ুশ মাত্রে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ১৮ বছর বয়সী এই ওপেনার গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান।
সোমবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আয়ুশের ইনজুরি বেশ গুরুতর এবং তার সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। এর ফলে চলতি আসরে তার আর মাঠে নামা হচ্ছে না।
সিএসকে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, "গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আয়ুশ মাত্রে আইপিএল ২০২৬-এর বাকি অংশ থেকে ছিটকে গেছেন। আয়ুশের ইনজুরি থেকে সেরে উঠতে ৬-১২ সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে। আমরা আয়ুশের দ্রুত আরোগ্য কামনা করি।"
মুম্বাইয়ে জন্ম নেওয়া এই তরুণ এ বছরের শুরুতে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানোর পর থেকে ব্যাপক আলোচনার কেন্দ্রে ছিলেন। চলতি আসরে সিএসকের হয়ে ৬টি ম্যাচে তিনি ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে ২০১ রান করেছেন, যার মধ্যে দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। এখন পর্যন্ত চলতি মৌসুমে তিনিই চেন্নাইয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক।
আয়ুশের মতো একজন বিধ্বংসী ওপেনারের অভাব পূরণ করা সিএসকে ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। তার সম্ভাব্য বিকল্প হিসেবে বেশ কিছু নাম আলোচনায় আসছে। উর্ভিল প্যাটেল দলের ভেতরেই থাকা সবচেয়ে বড় নাম। তার ব্যাটিং ধরন অনেকটা আয়ুশের মতোই আক্রমণাত্মক। ২৮ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড আছে তার দখলে।
এছাড়া কার্তিক শর্মা আছেন তালিকায়। নিলামে বড় দামে কেনা এই খেলোয়াড়ও বিবেচনায় থাকতে পারেন, যদিও এ মৌসুমে তার ফর্ম খুব একটা ভালো নয়। এছাড়া নিলামে দল না পাওয়া আনমোলপ্রীত সিং বা সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক যশ ধুলের মতো অভিজ্ঞদের দলে ভেড়ানোর সুযোগ আছে চেন্নাইয়ের সামনে।