images

স্পোর্টস / ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি কিনলেন ইউনিভার্স বস গেইল

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

ক্রিকেট বিশ্বের ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল এখন নতুন ভূমিকায়। খেলোয়াড়ি জীবনের পর তিনি এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায় যোগ দিয়েছেন। ইউরোপের প্রথম আইসিসি-স্বীকৃত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ এ তিনি স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী দল গ্লাসগো মুগাফিয়ান্স-এর কো-ওনার ও গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।

দলের প্রধান মালিক হলেন তানেশা বাত্রা, আর মুগাফি গ্রুপ (ভারতীয় এন্টারটেইনমেন্ট কোম্পানি) ফাউন্ডিং পার্টনার হিসেবে যুক্ত। নতুন দায়িত্ব নিয়ে ক্রিস গেইল বলেছেন, “গ্লাসগো মুগাফিয়ান্সের কো-ওনার হওয়া আমার জন্য একটা রোমাঞ্চকর নতুন অধ্যায়। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত যে, ইটিপিএল সত্যিই কিছু বিশেষ হতে চলেছে।”

তিনি আরও যোগ করেন, “ইউরোপ ক্রিকেটের জন্য এখনো অনেকটা অজানা অঞ্চল। এই লিগ স্থানীয় প্রতিভা বের করে আনতে এবং ভবিষ্যতের তারকা তৈরিতে বড় ভূমিকা রাখবে। এই যাত্রায় অংশ নিতে আমি খুবই উন্মুখ।”

ইটিপিএল হচ্ছে ইউরোপের প্রথম আইসিসি-অনুমোদিত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এতে ছয়টি দল অংশ নেবে- গ্লাসগো মুগাফিয়ান্স (স্কটল্যান্ড), আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট, রটারডাম।   

প্রথম আসর অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, মোট ৩৩টি ম্যাচ। লিগটি ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হচ্ছে।

বলিউড তারকা অভিষেক বচ্চন এই লিগের কো-ওনার। তিনি বলেছেন, “মুগাফি গ্রুপ এবং ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইউরোপ ক্রিকেটের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন সীমান্ত, যেখানে খেলাধুলার সংস্কৃতি, বৈচিত্র্য এবং অব্যবহৃত সম্ভাবনা রয়েছে। ইটিপিএল শুধু একটি লিগ নয়, এটি প্রতিভা বিকশিত করা, বাজারকে একত্রিত করা এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী কেন্দ্রে পরিণত করার একটি প্ল্যাটফর্ম।”

ক্রিস গেইল একমাত্র কিংবদন্তি নন। আমস্টারডাম দলের পিছনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়া এবং হকি তারকা জেমি ডোয়ার, অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের কো-ওনার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরা দলে নিউজিল্যান্ডের কাইল মিলস ও নাথান ম্যাককুলাম যুক্ত, অধিনায়ক মিচেল সান্টনার।

এসটি