স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম
রোমানিয়ার ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন জর্জে হাগি (৬১) সোমবার (২০ এপ্রিল ২০২৬) আবারও জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবার চার বছরের চুক্তিতে দলকে নেতৃত্ব দেবেন। কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কুর আকস্মিক প্রয়াণে শূন্য হওয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ‘কার্পেথিয়ান ম্যারাডোনা’ খ্যাত এই তারকা।
দায়িত্ব নিয়ে হাগি বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। আমাদের লক্ষ্য নেশন্স লিগ জেতা। আর ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) যাওয়া।” তিনি আরও যোগ করেন, “আমি জিততে জন্মেছি, শুধু বেঁচে থাকতে নয়। আমার মটো তোমরা জানো না?”
হাগি এই দায়িত্বকে “সম্মান, বড় দায়িত্ব এবং বিশাল চ্যালেঞ্জ” বলে বর্ণনা করেছেন। তার লক্ষ্য, দেশের মানুষ ও সমর্থকদের খুশি করা। তিনি বলেন, “আমরা সেরা হওয়ার চেষ্টা করব। এটা কঠিন মনে হতে পারে, কিন্তু আমি সবসময় উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করতে পছন্দ করি। আমি জিততে ভালোবাসি।”
এটি হাগির দ্বিতীয়বার জাতীয় দলের কোচ হওয়া। ২০০১ সালে তিনি প্রথমবার খুব অল্প সময়ের জন্য (প্রায় তিন মাস) এই দায়িত্ব পালন করেছিলেন। সেবার তিনি ছিলেন তরুণ ও অস্থির। এখন তিনি বলছেন, “আমি এখন অনেক বেশি অভিজ্ঞ এবং সবদিক থেকে একজন পূর্ণাঙ্গ কোচ।”
হাগি রোমানিয়ার হয়ে ১২৪টি ম্যাচ খেলেছেন। তার অসাধারণ বাম পায়ের জাদুতে ১৯৯৪ বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন।
হাগি মির্চা লুসেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন। লুসেস্কু এপ্রিলের শুরুতে ৮০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। লুসেস্কু ছিলেন হাগির প্রথম কোচ, তিনি ১৮ বছর বয়সে হাগিকে জাতীয় দলে অভিষেক করান এবং ২০ বছর বয়সে অধিনায়ক বানান। হাগি বলেন, লুসেস্কু নিজেই চেয়েছিলেন তিনি দলের দায়িত্ব নিন।
রোমানিয়া ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি। সাম্প্রতিক প্লে-অফে তুরস্কের কাছে ১-০ গোলে হেরে তারা আবার সুযোগ হারায়। হাগি এখন দলকে নতুন করে গড়ে তুলতে চান।