images

স্পোর্টস / ক্রিকেট

রানার গতিতে বিস্মিত কিউইরা

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেন নিউজিল্যান্ডের ব্যাটার নিক কেলি। একইসঙ্গে তিনি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেলি বলেন, উইকেটের আচরণ আর নাহিদ রানার গতি এ দুটোই দুই দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচের তুলনায় এবারের উইকেটে ঘাস একটু বেশি ছিল, যা বোলারদের বাড়তি সুবিধা দিয়েছে। শুরুতে ব্যাটসম্যানদের সময় নিয়ে খেলতে হয়েছে। কিন্তু যখনই একটা জুটি গড়ে তোলার চেষ্টা করেছেন, তখনই উইকেট পড়ে গেছে।

নাহিদ রানাকে নিয়ে আলাদা করে উচ্ছ্বসিত ছিলেন কেলি। তিনি বলেন, “সে খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার। দারুণ গতিতে বল করে এবং আজ উইকেটও তাকে সাহায্য করেছে। ১৪৫-১৪৮ কিলোমিটার গতিতে সুইং করানো সহজ কাজ নয়।” 

কেলির মতে, আগের ম্যাচের চেয়ে এবার রানা আরও বেশি স্টাম্প লক্ষ্য করে আক্রমণ করেছেন। বাউন্স ও গতির তারতম্য কাজে লাগিয়ে তিনি ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছেন। “বল হাতে আসার পর থেকেই প্রস্তুত থাকতে হয়। কোনো ‘ওয়ার্ম-আপ’ বল নেই। প্রথম বল থেকেই সে গতিতে আঘাত করেছে,” যোগ করেন কেলি।

নিউজিল্যান্ডের ইনিংসে মাঝের ওভারে গড়ে ওঠা দুটি গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দিয়েছেন নাহিদ রানা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কেলি এ প্রসঙ্গে বলেন, “সে একজন উইকেট-টেকার। ছোট ছোট স্পেলে এসে দ্রুতগতিতে বল করে এবং ম্যাচে প্রভাব ফেলে। আজ ঠিক সেটাই করেছে। বাংলাদেশ একজন দারুণ তরুণ ক্রিকেটার খুঁজে পেয়েছে।”

নিউজিল্যান্ড ২০০ রানের কাছাকাছি পুঁজি নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি বলে মনে করেন কেলি। তিনি বলেন, “আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের দ্বারা সম্ভব। তবে বাস্তবতা হলো, ২৪০-২৫০ রান দরকার ছিল। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে এবং আমাদের চাপে ফেলেছে।”