স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার সাইফ হাসান বোল্ড হয়ে ফিরে যান। দুই সিরিজ পর একাদশে ফেরা সৌম্য সরকারও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের জুটিতে প্রতিরোধ গড়ে দলীয় ১০০ পার হয়েছে টাইগারদের ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে। জয়ের জন্য এখনো ৯৯ রান দরকার।
লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা। নাথান স্মিথের বলে দুটি চার মেরে উড়ন্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সাইফ হাসান। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড হয়ে ৬ বলে ৮ রান করে ফিরতে হয় তাকে।
দুই সিরিজ পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার দেখেশুনে খেলার চেষ্টা করলেও থিতু হতে পারেননি। ১১ বলে ৮ রান করে উইলিয়াম ও’রুর্কের বলে ডিন ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দুই উইকেট হারানোর পরও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত হাত খুলে খেলতে শুরু করেন। তানজিদ বিশেষ করে আগ্রাসী মেজাজ দেখাচ্ছেন, তাতে পাওয়ারপ্লের শেষে ৬৭ রান তুলে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে।
দুজনের জুটি এখনো অটুট এবং রানের গতি বজায় রাখছে। তানজিদ ৫৯ রানে অপরদিকে শান্ত ২৭ রানে ব্যাট করছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নিয়মিত উইকেট হারায়। নাহিদ রানার দুর্দান্ত ফাইফারে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। নাথান স্মিথ করেন সর্বোচ্চ ১৮ রান।
প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে সিরিজ ১-১ সমতায় ফিরবে।