images

স্পোর্টস / ক্রিকেট

জয় পেতে ২০৬ চাই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারী শ্রীলঙ্কা। শুরুতে দারুণ ছন্দ দেখালেও শেষদিকে বাংলাদেশের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২০৫ রান তুলতে পেরেছে লঙ্কানরা।

উদ্বোধনী জুটিতেই ৬৮ রান তুলে শক্ত ভিত গড়েন হাসিনি পেরেরা ও তার সঙ্গী। হাসিনি ৪১ বলে ২৭ রান করে রিতুমনির বলে ফিরলে জুটি ভাঙে। এরপর তিন নম্বরে নামা হারশিতা সামিরাবক্রিমাকে মাত্র ৬ বলে ২ রানে ফেরান রিতুমনি।

চার নম্বরে নামা হানসিমা করুণারত্নেকে নিয়ে প্রতিরোধ গড়েন ইমেশা দুলানি। তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নেন তারা। ইমেশা ৭৭ বলে ৫২ রান করে সুলতানা খাতুনের বলে আউট হন। অন্যদিকে হানসিমা ধৈর্যশীল ব্যাটিংয়ে ৭১ বলে ৫৪ রানের হাফসেঞ্চুরি তুলে নেন, তবে সোবহানা মোস্তারির বলে থামতে হয় তাকে।

পাঁচ নম্বরে নেমে কাভিশা দিলহারি ৩৮ বলে ৩০ রান করেন। একপর্যায়ে আড়াইশো রানের দিকে এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত প্রতিরোধ গড়েন। শেষ ৪৫ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ২০৫ রানেই থামিয়ে দেন টাইগ্রেসরা।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিতুমনি। তিনি একাই শিকার করেন ৩ উইকেট। নাহিদ রানা নেন ২টি। একটি করে উইকেট পান মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।