স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম
রোববার মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ভার্জিল ফন ডাইকের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৪-৩ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে এবং নটিংহাম ফরেস্ট ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বার্নলিকে।
এভারটনের নতুন 'হিল ডিকিনসন স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত প্রথম ডার্বিতে নাটকীয় জয় পেয়েছে আর্নে স্লটের লিভারপুল। ম্যাচের ১০০তম মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলটি করেন অধিনায়ক ফন ডাইক। এই জয়ের ফলে পঞ্চম স্থানে থাকা লিভারপুল এখন চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল।
এর আগে ম্যাচের প্রথমার্ধে কোডি গাকপোর পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাহ। এই গোলের মাধ্যমে তিনি স্টিভেন জেরার্ডের সমান ৯ গোল করে মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের যৌথ সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়েন। তবে দ্বিতীয়ার্ধে বেতোর গোলে সমতায় ফিরেছিল ডেভিড ময়েসের এভারটন।
লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলি ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে তার পরিবর্তে নামেন ফ্রেডি উডম্যান। ম্যাচটি ড্রয়ের দিকে এগোলেও ১১ মিনিট অতিরিক্ত সময়ের সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয় অলরেডরা।
চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪-৩ ব্যবধানে এক শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। ওলি ওয়াটকিন্স দলের পক্ষে জোড়া গোল করেন। ম্যাচের এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে থেকেও দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ভিলা। তবে ইনজুরি টাইমে ট্যামি আব্রাহামের নাটকীয় গোলে জয় নিশ্চিত হয় তাদের। এই জয়ের ফলে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান অবস্থানে উঠে এল ভিলা।