স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম
আর্সেনালের বিপক্ষে আর্লিং হালান্ডের গোলে ২-১ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে বড় এক ধাক্কা দিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এখন শীর্ষস্থানে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে এবং তাদের হাতে একটি ম্যাচ অতিরিক্ত রয়েছে। অন্যদিকে, টানা ২২ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখা মিকেল আর্তেতার আর্সেনাল যেন খেই হারিয়ে ফেলছে।
গত মাসে লিগ কাপ ফাইনালে সিটির কাছে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচে আর্সেনাল জিতেছে মাত্র একটিতে। আগামী বুধবার অবনমনের শঙ্কায় থাকা বার্নলিকে হারালেই চলতি বছরে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে সিটি।
ম্যাচের শুরুতেই রায়ান চেরকির দুর্দান্ত একক নৈপুণ্যে এগিয়ে যায় সিটি। গ্যাব্রিয়েল এবং ডিক্লান রাইসকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই ফরাসি তারকা। তবে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলে ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল। দোন্নারুম্মার ক্লিয়ারেন্স ব্লক করে কাই হাভার্টজ বল জালে পাঠান।
বিরতির পর আর্সেনাল বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে। হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন দোন্নারুম্মা এবং ম্যাথিউস নুনেস। এরপর এবারেশি এজের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে কপাল পুড়ে গানার্সদের।
ম্যাচের ৬৫ মিনিটে নিকো ও’রেইলির ক্রস থেকে সিটির জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। এটি মৌসুমে তার ৩৪তম গোল। পিছিয়ে পড়ার পর আর্সেনাল মরিয়া হয়ে চেষ্টা করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। এমনকি গ্যাব্রিয়েলের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের একদম শেষ দিকে হাভার্টজ গোল করার সহজ সুযোগ নষ্ট করলে আর্তেতা হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন।
কাগজে-কলমে আর্সেনালের পরের ম্যাচগুলো সহজ মনে হলেও, গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন প্রচণ্ড চাপের মুখে। শিরোপা ধরে রাখার মিশনে ম্যানচেস্টার সিটি এখন চালকের আসনে।