স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
আইপিএলের প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান ললিত মোদি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ১০০ বলের এই বিশেষ ফরম্যাটের টুর্নামেন্টটি তিন বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মোদি।
৬২ বছর বয়সী ললিত মোদির মতে, দ্য হান্ড্রেডের বর্তমান বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের ত্রুটি রয়েছে। তার দাবি, এই টুর্নামেন্টটি মূলত বিজ্ঞাপন-নির্ভর আয়ের মডেলের ওপর ভিত্তি করে চলছে, যা যুক্তরাজ্যের বাজারের জন্য একেবারেই অনুপযুক্ত। মোদি মনে করেন, সফল হতে হলে এই টুর্নামেন্টকে সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেলে যেতে হবে।
'দ্য ওভারল্যাপ ক্রিকেট'-এ মোদি বলেন, "আমি গ্যারান্টি দিচ্ছি, দ্য হান্ড্রেড তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে। দীর্ঘমেয়াদী কোনো ভবিষ্যৎ নেই বলেই এখন এতে অর্থ ঢালা হচ্ছে। এর একমাত্র সুবিধা হলো আগস্টের উইন্ডো (সময়)। এছাড়া তাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। টুর্নামেন্টটির কোনো প্রচার বা বিপণন নেই বললেই চলে।"
তিনি আরও যোগ করেন, "যুক্তরাজ্য বিজ্ঞাপন-চালিত বাজার নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবস্ক্রিপশন-ভিত্তিক বাজার। যেকোনো লিগ সফল করার জন্য স্থায়ী গ্রাহক বা সাবস্ক্রাইবার ভিত্তি প্রয়োজন।" মোদির এই মন্তব্যের প্রেক্ষিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "দ্য হান্ড্রেড তিন বছরে মরবে না, বরং এটি তিন বছরের মধ্যে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় রূপান্তরিত হবে।"
চলতি বছর দ্য হান্ড্রেড-এর প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেমস কোলসের পেছনে সর্বোচ্চ ৩,৯০,০০০ পাউন্ড (প্রায় ৫ কোটি টাকা) খরচ করেছে লন্ডন স্পিরিট। এছাড়া জর্ডান কক্সকে ৩,০০,০০০ পাউন্ডে দলে নিয়েছে ওয়েলশ ফায়ার।
আগামী মৌসুমে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মালিকানাধীন চারটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। সেগুলো হল: ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ, সানরাইজার্স লিডস। আইপিএল মালিকদের বিনিয়োগ দ্য হান্ড্রেডের ভাগ্য বদলে দিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।