স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম
সেদিনই তো ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তুলে ধরলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো এই ট্রফি জিতল। কিন্তু এই সাফল্যের মধ্যেও তার ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিসিসিআইয়ের অভ্যন্তরে এখনই আলোচনা শুরু হয়েছে, অধিনায়ক হিসেবে তাকে আরও কতদিন রাখা হবে?
আগামী জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সূর্যকুমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে তার নেতৃত্বে দল ভালো করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখাতে হবে। ২০২৫ সালে তার স্ট্রাইক রেট ১২০-এর নিচে নেমে যায় এবং কোনো ফিফটিও আসেনি। ২০২৬ সালে কিছুটা ছন্দ ফিরলেও বড় ম্যাচে ব্যর্থতা চোখে পড়েছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১১ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ০ রান করেন তিনি।
বিসিসিআই সূত্র জানিয়েছে, সূর্যকুমার দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন ঠিকই, কিন্তু একজন ব্যাটার হিসেবে তাকে আরও স্থির হতে হবে। যুক্তরাজ্য সফরের পর তার ভবিষ্যৎ মূলত পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় তিনি ৩৮ বছরে পা দেবেন। সেখানে তাকে দলে রাখা হবে কি না, তা নিয়ে নির্বাচকদের মধ্যে সংশয় রয়েছে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, শ্রেয়স আয়ার- পাঞ্জাব কিংসের অধিনায়ক। টি-টোয়েন্টিতে নম্বর ৪-এ তার ভূমিকা বাড়ছে। নেতৃত্বের গুণাবলী ও শান্ত মেজাজের জন্য তাকে অনেকে এগিয়ে রাখছেন। হার্দিক পান্ডিয়া- আগে টি-টোয়েন্টি দলে ভাইস-ক্যাপ্টেন ছিলেন। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য রক্ষায় তার অবদান অনেক। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের অভিজ্ঞতাও আছে। শুভমন গিল- টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে পারবেন এমন একজন হিসেবে তাকে দেখা হচ্ছে।
এদিকে প্রধান নির্বাচক অজিত আগরকারের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। জুন ২০২৬-এ তার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অধীনে ভারত তিনটি আইসিসি ট্রফি জিতেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল দল। বোর্ড মনে করছে, তার সময়ে দলে মসৃণ রূপান্তর ঘটেছে এবং সাহসী সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হননি। আইপিএল চলাকালীন তার সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
প্রধান কোচ গৌতম গম্ভীরও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর আশা করছেন। তিনি সূর্যকুমারের ওপর আস্থা রাখলেও, নির্বাচক কমিটির সিদ্ধান্তই শেষ কথা।
এসটি