স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময়সূচির সংঘাতের কারণে বিদেশি ক্রিকেটারদের যেকোনো একটি টুর্নামেন্ট বেছে নিতে হয়। সাধারণত দেখা যায়, যারা ভারতে খেলার সুযোগ পান না, তারাই পাকিস্তানে খেলতে যান। তবে এর কিছু ব্যতিক্রমও আছে, যেমনটি দেখা গেল সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর ক্ষেত্রে।
৩৮ বছর বয়সী মঈন আলী গত বছর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছিলেন। কিন্তু এবার তিনি আইপিএল এড়িয়ে পিএসএল-এ নাম নিবন্ধন করেছেন। বিষয়টি নিয়ে অনেক জল্পনা-কল্পনা চললেও অবশেষে মঈন নিজেই মুখ খুলেছেন এবং জানিয়েছেন কেন তিনি আইপিএলের চেয়ে পিএসএল-কে প্রাধান্য দিলেন।
'এআরওয়াই পডকাস্ট'-এ মঈন বলেন, "এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমার এখন ৩৮ বছর বয়স, আমি এখনও ভালো খেলে ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করতে চাই। এখানে আসার ক্ষেত্রে করাচি একটি বড় ফ্যাক্টর ছিল। এছাড়া এটি একটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশ সুবিধাজনক।"
২০২৫ সালের আইপিএল নিলামে মঈন আলীকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল কেকেআর। পুরো মৌসুমে তিনি মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পান এবং মোটে ৫ রান সংগ্রহ করেন। এই সাবেক ইংলিশ তারকার মতে, পর্যাপ্ত সুযোগের অভাব এবং আইপিএলের দীর্ঘ সূচিই তাকে এবার পিএসএল-এ টেনে এনেছে।
তিনি আরও বলেন, "গত বছর আইপিএলে আমি মাত্র অর্ধেক ম্যাচ খেলেছি আর ব্যাটিং করার সুযোগ পেয়েছি মাত্র দুবার। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি আসলে মাঠের লড়াইয়ে থাকতে চাই, ব্যাটিং করতে চাই। জীবনের শেষ প্রান্তে এসেও আমি ভালো ক্রিকেট খেলছি বলে মনে করি এবং এভাবেই এগিয়ে যেতে চাই।"
পিএসএল-এর অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা বহুদিনের ছিল জানিয়ে মঈন বলেন, "কোথাও আপনার জায়গা নিশ্চিত নয়, এমনকি এখানেও (পিএসএল) নয়। তবে আমি স্রেফ ক্রিকেটটা যতটা সম্ভব উপভোগ করতে চাই। সবসময়ই পিএসএল-এর স্বাদ নিতে চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আইপিএলের সাথে একই সময়ে পড়ে যায়।"
বর্তমানে করাচি কিংসের হয়ে খেলা মঈন আলী পিএসএল থেকে বছরে ২.১৪ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন। মাঠের লড়াইয়ে থাকার নেশা আর পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ- এই দুইয়ের মিশেলেই এবার আইপিএলকে 'না' বলে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩২ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছেন মঈন।